মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (খেলোয়াড়দের ইউনিয়ন) প্রকাশিত বেতনের তালিকা অনুযায়ী, আর্জেন্টাইন এই কিংবদন্তির নিশ্চিত পারিশ্রমিক (গ্যারান্টিড কম্পেনসেশন) ২ কোটি ৮৩ লাখ (২৮.৩ মিলিয়ন) মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিকাগো ফায়ারের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি।
খেলোয়াড়দের ইউনিয়নের প্রকাশিত তথ্যমতে, মেসির এবারের পারিশ্রমিক গত বছরের তুলনায় প্রায় ৮০ লাখ (৮ মিলিয়ন) ডলার বেড়েছে। তবে এই হিসাবে কেবল মাঠে খেলার পারিশ্রমিক অন্তর্ভুক্ত করা হয়েছে; বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয় এর বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, গত বছর ইন্টার মায়ামির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি।
চলতি বছরের শুরুতে শিকাগো ফায়ারে যোগ দেওয়া লেভান্ডভস্কি ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার (১৯.৫১ মিলিয়ন) ডলার পারিশ্রমিক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপর তৃতীয় স্থানে আছেন অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান (১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার), চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় ফরোয়ার্ড সন হিউং-মিন (১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার) এবং পঞ্চম স্থানে আটলান্টা ইউনাইটেডের সুইস আন্তর্জাতিক ফুটবলার ব্রিল এমবোলো (১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার)।
ক্লাবগুলোর মোট নিশ্চিত পারিশ্রমিক ব্যয়ের তালিকায়ও সবার ওপরে রয়েছে ইন্টার মায়ামি, যাদের মোট ব্যয় ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার (৫৯.৩৭ মিলিয়ন) ডলার। ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার (৪১.২৯ মিলিয়ন) ডলার ব্যয় নিয়ে দ্বিতীয় স্থানে শিকাগো ফায়ার, ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার (৩৮.৩৫ মিলিয়ন) ডলার নিয়ে তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেড, ৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার (৩৪.৯১ মিলিয়ন) ডলার নিয়ে চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি এবং ৩ কোটি ২৯ লাখ ১০ হাজার (৩২.৯১ মিলিয়ন) ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এলএএফসি।
অন্যদিকে, লিগে সবচেয়ে কম দলীয় পারিশ্রমিক ব্যয় ফিলাডেলফিয়া ইউনিয়নের- মাত্র ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার (১২.৬৪ মিলিয়ন) ডলার। দ্বিতীয় সর্বনিম্ন ১ কোটি ৩৩ লাখ (১৩.৩০ মিলিয়ন) ডলার স্পোর্টিং কানসাস সিটির এবং তৃতীয় সর্বনিম্ন ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার (১৪.৫৫ মিলিয়ন) ডলার ডিসি ইউনাইটেডের।
গত ৯ অক্টোবর পর্যন্ত হালনাগাদকৃত এই পরিসংখ্যানে গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেওয়া খেলোয়াড়দের পারিশ্রমিক বার্ষিক হারে হিসাব করা হয়েছে।




