বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নামের ভারে এমন মুশফফিক আর কতদিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

নামের ভারে এমন মুশফফিক আর কতদিন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্ট শেষ হলো বাংলাদেশের জন্য আরেকটি হতাশার অধ্যায় দিয়ে। নয় উইকেটের ব্যবধানে হারের পর প্রশ্ন উঠছে একাদশ নির্বাচন ও অভিজ্ঞতার ব্যবহার নিয়ে। দল আটজন ব্যাটারের ওপর ভরসা করে মাঠে নামে, ফলে বোলিং আক্রমণে ঘাটতি থাকে। সেই সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন মুশফিকুর রহিম।

দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার আর শতাধিক টেস্টের অভিজ্ঞতা নিয়ে তিনি এখনও দলের মূল ভরসা। কিন্তু মাঠে সেই অভিজ্ঞতা প্রতিফলিত হচ্ছে না। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক। দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ রান। লিটন দাসকে সাত নম্বরে নামিয়ে মুশফিককে মাঝামাঝি জায়গা দেওয়া হয়। হৃদয়ের সাম্প্রতিক ফর্ম আর ডাবল সেঞ্চুরির পরও সিনিয়রিটির কারণেই মুশফিককে রাখা হয়। সেই সুযোগের প্রতিদান দল পেল না।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে ৮৭ রানে পৌঁছালে ম্যাচ বাঁচানোর একমাত্র আশা ছিল লিটন-মুশফিক জুটি। লিটন ৩৯ রানে ফিরে গেলে দায়িত্ব পুরোটা মুশফিকের কাঁধে। সেই মুহূর্তে টিকে থাকাই ছিল প্রধান কাজ। কিন্তু তিনি ডাউন দ্য ট্র্যাকে এসে ডিফেন্সের চেষ্টা করতে গিয়ে গ্লাভস-প্যাডে বল লেগে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে যান। সিমন হারমারের বলে এই আউট দলের জন্য মারাত্মক আঘাত হয়। এরপর ধস নামে, বাংলাদেশ ১৬৮ রানে অলআউট হয়। দক্ষিণ আফ্রিকা মাত্র ১২ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে নেয়।

মুশফিকুর রহিমের সাম্প্রতিক পাঁচটি টেস্টে পারফরম্যান্স মিশ্র। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে তিনি প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ রান করেন। এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪ ও ৪৯ রান করেছিলেন, যেখানে তিনি বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন। অক্টোবরে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ০ ও ৮১ রান এবং আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ৫ ও ২৯ অপরাজিত এবং ৩৬ রান করেন। এই পাঁচ ম্যাচে মোট প্রায় ২২৭ রান সংগ্রহ করলেও গড় তুলনামূলকভাবে কম থাকায় তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে।

ম্যাচ বাঁচানোর দায়িত্বে থাকা খেলোয়াড় যখন নিজের উইকেট এভাবে বিলিয়ে দেন, তখন দলের জন্য আর কোনো পথ খোলা থাকে না। মুশফিকের এই ধরনের পারফরম্যান্স এখন প্রায় নিয়মিত। পরিসংখ্যানের পাতায় রেকর্ড থাকলেও মাঠে সেগুলো কাজে লাগছে না। তাওহিদ হৃদয়ের সাম্প্রতিক ফর্ম দেখে অনেকেই মনে করছেন, সেই জায়গায় তরুণদের সুযোগ দেওয়া উচিত ছিল। একজন বোলার কমিয়ে আটজন ব্যাটার নিয়ে খেলার সিদ্ধান্তের খেসারত দলকে হাড়ে হাড়ে দিতে হয়েছে।

বাংলাদেশ এখন সিরিজে ০-১ তে পিছিয়ে। দ্বিতীয় টেস্ট আসছে সেঞ্চুরিয়নে। মুশফিককে দলে রাখার যুক্তি যদি শুধু অভিজ্ঞতা হয়, তাহলে মাঠে সেই অভিজ্ঞতার প্রমাণ দিতেই হবে। নয়তো প্রশ্ন উঠবে আরও জোরালোভাবে অপারগতা আর কতদিন ধরে রাখা হবে?

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর