বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

পর্ন তারকাকে নিয়োগ ঘিরে বিতর্ক, শেষে যা করল ইংলিশ ক্লাবটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

পর্ন তারকাকে নিয়োগ ঘিরে বিতর্ক, শেষে যা করল ইংলিশ ক্লাবটি

একটি বাণিজ্যিক চুক্তি ঘিরে সমর্থকদের ক্ষোভ শেষ পর্যন্ত প্রভাব ফেলল ইংলিশ ফুটবলে। বিতর্কিত নিয়োগ ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব নিয়ে সমালোচনার মুখে স্পন্সর বিসি গেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লেস্টার সিটি। দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে চুক্তির অবসান।

বিতর্কের সূত্রপাত চলতি মাসের শুরুতে। রাশিয়ার পর্ন অভিনেত্রী ইভা এলফিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয় বিসি গেম। এরপরই ক্লাবটির সমর্থকদের সংগঠন ফক্সেস ট্রাস্ট স্পন্সরশিপ নিয়ে আপত্তি জানায়।

গত ৪ নভেম্বর দেওয়া বিবৃতিতে সংগঠনটি জানায়, জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর থেকেই ক্লাবের মূল্যবোধ নিয়ে তাদের উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, জুয়া ও পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব বিশেষ করে তরুণদের জন্য উদ্বেগজনক। এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক লেস্টারের পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক কি না, সেই প্রশ্নও তোলে তারা।

lestercityhh_Eva_Elfie

২০২৪-২৫ মৌসুমের শুরুতে বিসি গেমের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করে লেস্টার। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সিদ্ধান্ত এবং ক্লাবের অগ্রাধিকারের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। শেষ পর্যন্ত সেই দূরত্ব থেকেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত আসে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাব ও বিসি গেম পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমাদের বাণিজ্যিক অংশীদারত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। সেখানে ভবিষ্যৎ বাণিজ্যিক অগ্রাধিকারের ক্ষেত্রে আমাদের ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে।’

উল্লেখ্য, ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়েছিল লেস্টার। তবে টানা দুই মৌসুম অবনমনের পর বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলছে ক্লাবটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর