বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্যান্ডপেপার নয়, বল টেম্পারিংয়ে যে কৌশল ব্যবহার করতেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

স্যান্ডপেপার নয়, বল টেম্পারিংয়ে যে কৌশল ব্যবহার করতেন শোয়েব আখতার

যে গতিতে একসময় ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিতেন, সেই গতির ক্রিকেটই এখন তাঁর কাছে হারাচ্ছে আকর্ষণ। সময়ের সঙ্গে বদলে যাওয়া ক্রিকেটের ধরন নিয়ে এবার হতাশা প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তাঁর মতে, গত দুই দশকে ধীরে ধীরে জৌলুশ হারাচ্ছে ক্রিকেট। এমনকি নতুন প্রজন্মের মধ্যেও খেলাটির প্রতি আগ্রহ কমছে।

উইজডেনের পডকাস্ট দ্য স্কুপে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেন, আধুনিক ক্রিকেটের নিয়মকানুন ব্যাটারদের বেশি সুবিধা দিচ্ছে। বিশেষ করে ওয়ানডেতে দুটি নতুন বল ব্যবহারের কারণে ফাস্ট বোলাররা আগের মতো প্রভাব বিস্তার করতে পারছেন না।

পাকিস্তান দলের বর্তমান অবস্থাও তাঁকে ভাবাচ্ছে। বাবর আজমের মতো তারকা থাকলেও তরুণদের অনুপ্রাণিত করার মতো আগ্রাসী ক্রিকেটের অভাব দেখছেন তিনি। নিজের ছেলের কথাও তুলে ধরে আখতার বলেন, ‘খেলাটি মারা যাচ্ছে। গত ২০ বছর ধরেই এটি ধুঁকে ধুঁকে মরছে। আমার ছেলে বলে, বাবা, আমাদের দলের খেলায় কোনো আগ্রাসন দেখতে পাই না।’

সাক্ষাৎকারে নিজের খেলোয়াড়ি জীবনের বিতর্কিত অধ্যায় নিয়েও কথা বলেন তিনি। বল বিকৃতির প্রসঙ্গে আখতার জানান, ‘ইংল্যান্ডে খেলার সময় আমরা শিরিষ কাগজ নয়, বরং বোতলের ছিপি ব্যবহার করতাম।’ তাঁর দাবি, এ ধরনের ঘটনা শুধু একজন বা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকত না; দলের অনেকেই বিষয়টি জানতেন।

ক্রিকেটে ভারসাম্য ফেরাতে ওয়ানডেতে একটি বল ব্যবহারের নিয়ম চালু এবং টেস্টে প্রতি ওভারে চারটি বাউন্সারের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন আখতার। আক্রমণাত্মক পেস বোলিংয়ের উপযোগী পরিবেশে টেস্ট আয়োজনের জন্য এক লাখ ডলার দেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব কিংবা রাজনীতিতে যুক্ত হতে চান না এই সাবেক পেসার। মাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় এসব থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর