নতুন আইপিএল মৌসুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক জয় মেহতা নিজের অংশের অর্ধেক ছেড়ে দিচ্ছেন।
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, তিনি বর্তমানে থাকা ৪৫ শতাংশ শেয়ারের অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ মার্কিন বিনিয়োগ সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করছেন। চুক্তির মূল্য ধরা হয়েছে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। পুরো অর্থ নগদে পরিশোধ করা হবে এবং লেনদেন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এই মূল্য অনুসারে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬৩৪ কোটি রুপি। শাহরুখ খান ৫৫ শতাংশ সংখ্যাগরিষ্ঠ মালিকানা ধরে রাখবেন। জুহি চাওলাও আগের মতোই সহ-মালিক হিসেবে থাকবেন।
বিসিসিআই নিয়ম অনুসারে লেনদেনের ৫ শতাংশ পাবে, যা প্রায় ২০ মিলিয়ন ডলার বা ২০০ কোটি রুপির কাছাকাছি। অ্যারেস ম্যানেজমেন্টের পোর্টফোলিওতে চেলসি, মিয়ামি ডলফিনস ও ট্রেন্ট রকেটসের মতো দল রয়েছে।
২০০৭ সালে শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা যৌথভাবে দলটি কিনেছিলেন। নতুন অংশীদার এলেও সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ শাহরুখ খানের হাতেই থাকবে।




