বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘তুমি আমার ছেলের উত্তরসূরি’, মেসির মা যাকে দিলেন এই বিশেষ তকমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

‘তুমি আমার ছেলের উত্তরসূরি’, মেসির মা যাকে দিলেন এই বিশেষ তকমা

কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে জোড়া গোল করে নজর কেড়েছেন আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড নিকো পাজ। ২২ বছর বয়সী এই ফুটবলারের ঝলমলে পারফরম্যান্সের পর সামনে এসেছে এক অজানা গল্প। তার চাচা ফাবিয়ান পাজ জানিয়েছেন, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে নিকোর এক আবেগঘন কথা হয়েছিল আগে, যেখানে সেলিয়া তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি বলে উল্লেখ করেছিলেন।

ফাবিয়ান পাজ বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে খেলতে পারা। সেটা যেন স্বপ্নের শিখরে পৌঁছানোর মতো।’

আর্জেন্টিনার জনপ্রিয় ডিজাইনার ও ফ্যাশন বিশ্লেষক ফাবিয়ান পাজ এসব কথা বলেন রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি আরও জানান, সাফল্যের আলোয় এলেও তার ভাইয়ের ছেলে কখনো অহংকারী হয়ে ওঠে না। হাউট কুটুর ব্র্যান্ড আতেলিয়ের পুচেতা-পাজের এই প্রতিষ্ঠাতা জানান, নিকো জন্মেছেন এবং বড় হয়েছেন স্পেনের টেনেরিফে। আর্জেন্টিনায় স্থায়ীভাবে না থাকলেও জাতীয় দলের ক্যাম্পে এলে সেখানকার পরিবেশ নিকোকে কীভাবে ছুঁয়ে যায়, সে কথাও তুলে ধরেন তিনি।

ফাবিয়ান বলেন, ‘যেহেতু সে এখানে থাকে না, তাই অন্য খেলোয়াড়দের মতো এত চাপ অনুভব করে না। এখানে ফুটবলকে অন্যরকম আবেগ ও উন্মাদনায় দেখা হয়। সেই ব্যাপারটি তাকে এখনো বেশ অবাক করে।’

সাক্ষাৎকারের সবচেয়ে স্পর্শকাতর অংশটি ছিল মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে নিকোর সাক্ষাতের ঘটনা। গত ৬ অক্টোবর মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচের পর এটি ঘটে, যা ছিল জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ।

ফাবিয়ান পাজ বলেন, ‘আমি যখন মেসির বিদায়ী ম্যাচ দেখতে গিয়েছিলাম, তখন তিনি ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন। সেখানে মেসির মা ছিলেন, আবেগে কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে শুভেচ্ছা জানাতে এগিয়ে যায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমি আমার ছেলের উত্তরসূরি।”’

চাচার ভাষ্য অনুযায়ী, সেই মুহূর্তে রীতিমতো বিস্মিত হয়ে পড়েছিল নিকো। পুরো ঘটনাটিকে সে নিজেও ‘অবিশ্বাস্য’ বলে মনে করে।

অনেকেই এখন নিকোকে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা তারকার উত্তরসূরি ভাবতে শুরু করেছেন। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই খেলোয়াড় জাতীয় দলে এখনো শুরুর ধাপে থাকলেও দ্রুতই প্রভাব বিস্তার করছেন; সবশেষ পাঁচ ম্যাচে ছয় গোলে অবদান রেখেছেন তিনি।

ফিফা আন্তর্জাতিক বিরতিতে নিকোর পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি, যদিও তার মতে সেরাটা এখনো বাকি।

কোস্টারিকার বিপক্ষে বড় জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘নিকো আরও অনেক কিছু দিতে পারে। কোস্টারিকার বিপক্ষে সে খুব ভালো খেলেছে, উরুগুয়ের বিপক্ষেও ভালো ছিল। তাকে দেখে মনে হয়, সে একজন পরিপূর্ণ ফুটবলার। সে এখনো তরুণ, তাই আমরা তাকে যত্নের সঙ্গে এগিয়ে নিতে চাই। তবে তাকে নিয়ে আমরা খুবই খুশি। অনেক পরিস্থিতিতে সে দায়িত্ব নিয়েছে। এই দলের অন্য খেলোয়াড়দের মতো তাকেও নিয়ে আমাদের আশাবাদী হওয়া উচিত।’

ভবিষ্যতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলেও সেসব নিয়ে ভাবতে নারাজ নিকো; বরং মাঠে আনন্দ নিয়ে খেলতেই চান তিনি।

নিকো বলেন, ‘সত্যি বলতে, আমি এসব নিয়ে ভাবি না। আমার ভাবনা হলো আজকের মতো দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার ওপর জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, এত মানুষের প্রতিনিধিত্ব করা, এসবের জন্যই আমি খেলি। আমি এভাবেই চালিয়ে যেতে চাই।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর