পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে খেলোয়াড়ি জীবনের ইতি টানার কথা জানিয়েছেন সাবেক এই চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের ক্যারিয়ারের ইতি টানলেন হুয়ান। স্পেনের এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বললেন, এখন থেকে মাঠে নামবেন না। তবে খেলার প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না বলে জানিয়েছেন তিনি।
মাতা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের জয়ী দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন। ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ছিলেন তিনি। ইতালির বিপক্ষে ফাইনালে ৪-০ গোলের জয়ে নিজেও একটি গোল করেছিলেন।
রিয়াল মাদ্রিদের যুবদল দিয়ে ফুটবলে পথচলা শুরু মাতার। ২০০৭ সালে ভ্যালেন্সিয়ায় যোগ দেন। ২০১১ সালের আগস্টে চেলসিতে চলে যান। স্ট্যামফোর্ড ব্রিজে দুই পূর্ণ মৌসুমেই ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। চেলসির হয়ে লিগে ৮২ ম্যাচ খেলে ১৮ গোল করেন। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ জেতেন।
২০১৪ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ওল্ড ট্রাফোর্ডে ২৮৫ ম্যাচে ৫১ গোল করেন। ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ জেতেন। ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছাড়েন। এরপর তুরস্কের গালাতাসারাই ও জাপানের ভিসেল কোবেতে খেলেছেন। সবশেষ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়ে মাঠে নেমেছেন।
অবসরের ঘোষণায় মাতা বলেন, ‘ফুটবল কখনোই আমার জীবন থেকে চলে যাবে না। খেলাটিকে ভালোবাসা অব্যাহত রাখার অনেক উপায় রয়েছে। উন্নয়নের মাধ্যম হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ রয়েছে। আমি হয়তো পেশাদার ফুটবল খেলা বন্ধ করছি, কিন্তু কখনোই একজন ফুটবলার হওয়া বন্ধ করব না।’
মাতার অবসরের পর চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে। চেলসি লিখেছে, ‘কী অসাধারণ এক খেলোয়াড়!’ ইউনাইটেড বলেছে, ‘দারুণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, হুয়ান! তোমার পরবর্তী পথচলার জন্য ইউনাইটেডের সবাই শুভকামনা জানাচ্ছে।’




