বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা, চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা, চাপে বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে বৃষ্টি আর বজ্রপাতের বাধায় তৃতীয় দিনের বেশির ভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে দুই দলকে। তবে চতুর্থ দিনে ব্যাট হাতে সেই বিরতিকে কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেও স্বাগতিকদের লিড থামানো যাচ্ছে না।

চতুর্থ দিনের খেলা শুরু হয় আগের দিনের ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে। দিনের শুরুতে উইকেটে ছিলেন রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদা। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় সংগ্রহ ৪০০ ছাড়িয়ে যায়। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে রান ৯৪.১ ওভারে ৭ উইকেটে ৪২৯। রিকেলটন ৬৮ এবং রাবাদা ৩১ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের চেয়ে ২৯ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল হাসান মাহমুদ। তিনি নিয়েছেন ৪টি উইকেট। তাসকিন আহমেদের শিকার ২টি।

এর আগে তৃতীয় দিনের প্রথম সেশনে উইকেট না পেলেও পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের সমস্যায় ৪৯ রানে মাঠ ছাড়ার পর দ্রুত তিনটি উইকেট তুলে নেয় টাইগাররা।

তাসকিনের বলে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন উইয়ান মুল্ডার। এরপর মার্কো ইয়ানসেন ৮ রানে এবং হাসানের বলে সাইমন হার্মার ১ রানে আউট হন। তিনটি ক্যাচই নেন উইকেটরক্ষক লিটন দাস।

তবে ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে তৃতীয় দিনের লাঞ্চের পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে দিনের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর