ব্যাট হাতে শতকের আনন্দ, আর উইকেটের পেছনে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে যেন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশের লিটন কুমার দাস। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৬টি ক্যাচ নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের নতুন রেকর্ড গড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।
এর আগে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক এবং ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইমরুল এই কীর্তি গড়েছিলেন।
লিটনের অর্জন অবশ্য এখানেই সীমাবদ্ধ নয়। একই টেস্টে সেঞ্চুরি ও এক ইনিংসে ছয়টি ক্যাচ নেওয়া ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় উইকেটকিপার-ব্যাটার তিনি।
এর আগে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেনিস লিন্ডসে এবং ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স জোহানেসবার্গেই এই কীর্তি গড়েছিলেন।
টেস্টে নিয়মিত উইকেটকিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে পাঁচজনের। লিটনের সামনে এখন সেই রেকর্ড স্পর্শ করার হাতছানি। আর একটি ক্যাচ নিতে পারলেই সাত ক্যাচের অভিজাত তালিকায় জায়গা করে নেবেন তিনি।




