মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভিনির হ্যাটট্রিকে প্রথমার্ধে সিঙ্গাপুরের জালে এক হালি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

ভিনির হ্যাটট্রিকে প্রথমার্ধে সিঙ্গাপুরের জালে এক হালি ব্রাজিলের

সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তাই পাচ্ছে না স্বাগতিক সিঙ্গাপুর। ম্যাচের প্রথম ৪০ মিনিটেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়েছে সেলেসাওরা। যার মধ্যে ১২ মিনটে এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের পরিসংখ্যানেও ব্রাজিলের দাপট স্পষ্ট। ৬৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল। 

এ পর্যন্ত তারা ১৩টি শট নিয়েছে, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিঙ্গাপুরের ৪টি শটের মধ্যে মাত্র ১টি লক্ষ্যে ছিল। বলের দখল ও আক্রমণে পিছিয়ে থাকা সিঙ্গাপুরের রক্ষণভাগকে প্রথমার্ধেই পুরোপুরি কোণঠাসা করে রেখেছে ব্রাজিল। 

খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে ব্রাজিল। ম্যাচের মাত্র নবম মিনিটে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। এর ঠিক ছয় মিনিট পর (১৫তম মিনিটে) নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। 

এরপর ২১তম মিনিটে আরও একবার সিঙ্গাপুরের রক্ষণ ভাঙেন তিনি। মাত্র ২১ মিনিটের মধ্যে টানা তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন ভিনিসিয়ুস।

হ্যাটট্রিকের পরও ব্রাজিলের গোলক্ষুধা কমেনি। ৩১তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। প্রথমার্ধের বাকি সময়ে আর গোলের দেখা না হলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর