মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

তাসকিন-হাসানের দাপটে লিডের আশা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

তাসকিন-হাসানের দাপটে লিডের আশা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

তৃতীয় দিনে প্রথম সেশনে দীর্ঘ অপেক্ষার পর শেষ দিকে অবশেষে স্বস্তির দেখা পেল বাংলাদেশ। উইকেটের জন্য যখন একের পর এক ওভার পার করছিলেন টাইগার বোলাররা, তখনই বল হাতে জ্বলে উঠলেন তাসকিন আহমেদ। পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন তিনি। পরে হাসান মাহমুদের শিকারেও আসে আরও একটি উইকেট। তাতে দিনের প্রথম সেশনের শেষ দিকে কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৪ রান পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

দিনের শুরুতে ৪ উইকেটে ২৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেল্টন। শুরু থেকেই রান তুলতে থাকেন দুই ব্যাটার। তবে উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় বেশ লম্বা সময়।

ইনিংসের ৭৪তম ওভারে রিকেল্টনকে ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সহজ ক্যাচটি হাতে জমাতে পারেননি অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। ফলে আরও কিছু সময় উইকেটে টিকে যান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।

এর মধ্যে চোটের কারণে মাঠ ছাড়তে হয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। তার জায়গায় ব্যাটিংয়ে নামেন উইয়ান মুল্ডার। নতুন ব্যাটারকে বেশিক্ষণ থাকতে দেননি তাসকিন আহমেদ। ইনিংসের ৮৪তম ওভারে নিজের বলে মুল্ডারকে লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই পেসার। প্রথম বলেই আউট হন মুল্ডার।

এর পরের ওভারেই আবারও আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো ইয়ানসেন। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ৮ বলে ৮ রান করে ফেরেন তিনি। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

তাসকিনের পর উইকেটের খাতায় নাম লেখান হাসান মাহমুদ। ৮৪তম ওভারে সাইমন হারমারকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। ৪ বল খেলে মাত্র ১ রান করে বিদায় নেন হারমার।

তবে দিনের শুরুতে হাসান মাহমুদের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বাংলাদেশ শিবিরে। ইনিংসের ৬৫তম ওভারের চতুর্থ বল করার পর কনুইয়ে ব্যথা অনুভব করেন এই পেসার। পরে ফিজিও মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা না কমায় তাকে মাঠ ছাড়তে হয়।

তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সেশনের বাকি সময় সামলে নেন রায়ান রিকেল্টন ও কাগিসো রাবাদা। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর