বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে আবারও বসার স্বপ্ন দেখছেন জিয়ানি ইনফান্তিনো। তবে তার সেই পথ এবার সহজ নাও হতে পারে। দীর্ঘদিনের মতবিরোধের জেরে ইনফান্তিনোর বিপরীতে বিকল্প প্রার্থী খুঁজছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অবশেষে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে সমর্থন দিয়ে নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করেছে সংস্থাটি।
২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে লড়তে দিয়ালোকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে উয়েফা। সংস্থাটির ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে তার প্রতি সমর্থন জানিয়েছে। দিয়ালোও এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে উয়েফা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরাসি ফুটবল ফেডারেশনের সভায় দিয়ালোর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার কথা রয়েছে। আর বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা কংগ্রেসে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন সভাপতি।
৬৩ বছর বয়সী দিয়ালো ২০২৩ সালের জানুয়ারি থেকে ফরাসি ফুটবল ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন। সাবেক সভাপতি নোয়েল ল্য গ্রায়েত বিতর্কের মুখে পদত্যাগ করলে অন্তর্বর্তী দায়িত্ব পান তিনি। পরে একই বছরের জুনে নির্বাচিত হন। ২০২৪ সালের ডিসেম্বরে আরও চার বছরের জন্য দায়িত্ব পান এই ফরাসি ফুটবল কর্মকর্তা।
ইনফান্তিনোর সঙ্গে উয়েফার সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। সংস্থাটির সভাপতি আলেকসান্দার সেফেরিনের সঙ্গে মতবিরোধের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। গত জুলাইয়ে বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার কথা জানান ইনফান্তিনো। তীব্র সমালোচনার মুখে পরে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি।
এদিকে, ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে উয়েফা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদালতেরও দ্বারস্থ হয়েছে সংস্থাটি।
অন্যদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আগেই ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছে। তবে গত সেপ্টেম্বরে ফ্রান্স ফুটবল ফেডারেশন তার প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়।
২০১৬ সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। এবার দিয়ালোর প্রার্থিতা নির্বাচনে নতুন প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করতে পারে।




