মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকার মাঠে পাকিস্তান-ভারত ফুটবল যুদ্ধ, কার হাতে উঠবে সাফ শিরোপা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

ঢাকার মাঠে পাকিস্তান-ভারত ফুটবল যুদ্ধ, কার হাতে উঠবে সাফ শিরোপা

দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় পাকিস্তান। অন্যদিকে শিরোপার সংখ্যা দুই অঙ্কে নেওয়ার লক্ষ্য ভারতের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ঢাকার জাতীয় স্টেডিয়া আজ মঙ্গলবার রাত ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

সাফের ইতিহাসে এবারই প্রথম ফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। তাই শিরোপা জিততে পারলে সেটি হবে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম বড় অর্জন। প্রথমবারের মতো ফাইনালে উঠেই ট্রফি ঘরে নেওয়ার স্বপ্ন দেখছে দলটি। বিপরীতে ভারত এরই মধ্যে নয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। দশম শিরোপা জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করতে চায় তারা।

দুই দলের আন্তর্জাতিক লড়াইয়ের পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ২৬ বারের মুখোমুখিতে ভারত জিতেছে ১৩ ম্যাচে। পাকিস্তানের জয় তিনটি, আর বাকি ১০ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। তবে ফাইনালে পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্সই যে শেষ কথা, সেটি ভালোভাবেই জানে পাকিস্তান।

চলতি আসরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। বিশেষ করে সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারানো দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইউরোপের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা থাকা কয়েকজন ফুটবলারও তাদের শক্তি বাড়িয়েছেন। শারীরিক সামর্থ্য ও কৌশলগত শৃঙ্খলাকে কাজে লাগিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে চায় দলটি। কোচ নলবার্তো সোলানোর পরিকল্পনাও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে গড়া ভারতীয় দলও কম আত্মবিশ্বাসী নয়। কোচ নওশাদ মুসার অধীনে প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে তারা। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারানোর স্মৃতিও তাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। তবে ফাইনালের আগে পাকিস্তানের পরিবর্তিত দল ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে নতুন কৌশল সাজাচ্ছে ভারত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর