ব্রাজিলিয়ান ফুটবলের দুই তারকা নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়রকে কেন্দ্র করে আবারও ব্যক্তিগত জীবনের আলোচনা জমে উঠেছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা। নেইমারের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ার পর দুজনেই বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন।
বিতর্কের সূত্রপাত হয় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম মেট্রোপোলসের সাংবাদিক ফাবিয়া অলিভেইরার এক প্রতিবেদন প্রকাশের পর। তার প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর সাও পাওলোতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমার ও ভার্জিনিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের মুঠোফোন ব্যবহারের ওপর কড়াকড়ি ছিল।
সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, সেখানে দুজনের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো ছিল। একপর্যায়ে সোফায় বসে থাকা নেইমারের ওপর ভার্জিনিয়াকে নাচতেও দেখা যায় বলে উল্লেখ করা হয়। প্রচুর মদ্যপানের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশিত হয়নি। চুম্বনের গুঞ্জনও ছড়িয়েছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর সাংবাদিক লুইজ বাচ্চির একটি পোস্টে মন্তব্য করে নেইমার লিখেছেন, ‘এমনটা করো না, বন্ধু। আমি এখন খুব শান্তিতে ও আনন্দে আছি। আমাকে অর্থহীন কোনো বিতর্কে জড়িও না।’
পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বিষয়টি খোলাসা করেন। তিনি বলেন, সাধারণত এ ধরনের বিষয়ে কথা বলেন না। কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেছে। অন্য কারও সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশিত হচ্ছে, যা তিনি অস্বীকার করছেন। মানুষ বাস্তবতার চেয়ে নামের জনপ্রিয়তা ও আলোচনায় থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও তিনি দুঃখ প্রকাশ করেন।
নেইমার আরও লেখেন, তার দল ইতিমধ্যে অবস্থান জানিয়েছে। কিন্তু চূড়ান্ত জবাব দিতে তাকে নিজেই আসতে হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি অনুরোধ করেন, তাকে শান্তিতে পোকার খেলতে দিতে।
ভার্জিনিয়ার প্রতিনিধিরাও অভিযোগ অস্বীকার করেছেন। তার গণমাধ্যম দলের বিবৃতিতে বলা হয়, প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভার্জিনিয়া এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তার ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জন এবারই প্রথম নয়। কয়েক দিন আগেও আর্জেন্টাইন রেসিং ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ানো হয়েছিল। অথচ প্রতিযোগিতা শেষ হওয়ার পর তিনি ব্রাজিল ছেড়ে চলে যান।
এদিকে নেইমারের জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দি তাদের তৃতীয় সন্তানের অপেক্ষায়। অনাগত সন্তানের নাম রাখা হয়েছে মারিয়াহ। অন্যদিকে ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভার্জিনিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ব্রাজিলে নানা আলোচনা চলছে। তিনি তার সাবেক স্বামী জে ফেলিপের কাছে ফিরে গেছেন এবং শিগগিরই আবার বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।




