বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল তাদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এনেছে। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কর্ডোবায় যাওয়ার যে সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, তা এক দিন পিছিয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল।
আগে সোমবার সকালেই কর্ডোবার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। সেখানে বিকেলের দিকে অনুশীলনের পরিকল্পনাও ছিল। কিন্তু স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে সোমবার বিকেলে বৃষ্টির সম্ভাবনা থাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সিদ্ধান্ত বদলেছে। এখন সোমবার বুয়েনস আইরেসের এজেইজা প্রশিক্ষণ কেন্দ্রেই অনুশীলন করবে দলটি। বিকেল ৬টায় সেই সেশন শুরু হবে। মঙ্গলবার সকালে কর্ডোবার দিকে রওনা দেবে আর্জেন্টিনা। এর আগে সোমবার বিকাল ৪টায় কোচ স্কালোনি সংবাদ সম্মেলনে কথা বলবেন।
রবিবারও এজেইজায় অনুশীলন হয়েছে। খেলোয়াড়রা প্রথমে জিমে শরীর গরম করেন। এরপর মাঠে গতি, সমন্বয়, ছোট জায়গায় খেলা এবং সেটপিসের ওপর জোর দিয়ে ট্যাকটিক্যাল অনুশীলন চালান।
উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর কোস্টারিকার ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, মঙ্গলবারের ম্যাচে কয়েকজন খেলোয়াড়কে নতুন করে সুযোগ দেওয়া হতে পারে। আগের ম্যাচে ভালো খেলা কয়েকজনকে আবার রাখাও হতে পারে।
ম্যাচটি মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৫টায় শুরু। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এটি আর্জেন্টিনার দ্বিতীয় ও শেষ ম্যাচ। এর আগে তারা উরুগুয়ের কাছে হেরেছে।
উল্লেখ্য, স্কালোনি সম্প্রতি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন।




