আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা এখন এক অদ্ভুত বাস্তবের মুখে। দল জিতলেও সেই সুখবর রেডিওতে শোনা যাবে না। ক্রিকেটের ধারাভাষ্য তো দূরের কথা, কোনো খবর বা অনুষ্ঠান পর্যন্ত প্রচার করা যাচ্ছে না। তালেবান কর্তৃপক্ষ কান্দাহার প্রদেশের রেডিও স্টেশনগুলোতে এমন নিষেধাজ্ঞা জারি করেছে। পুরো দেশে নয়, আপাতত শুধু দক্ষিণাঞ্চলের এই প্রদেশেই এই নিয়ম চালু হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে রোববার (১৫ নভেম্বর) এই তথ্য প্রকাশিত হয়। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের কথায়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ক্রিকেট নিয়ে কোনো অনুষ্ঠান, ধারাভাষ্য বা সংবাদ সম্প্রচার করা যাবে না।
গত শনিবার (১৪ নভেম্বর) প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এই নির্দেশ দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এএফপিকে জানান, “ক্রিকেটের ধারাভাষ্য ও সংবাদ প্রচার বন্ধ করা হয়েছে। এমনকি কোনো দল জিতলে সেই ফলও জানানো যাবে না।” তিনি ব্যাখ্যা দেননি কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নিজের পরিচয়ও গোপন রাখতে চেয়েছেন।
এক রেডিও স্টেশনের প্রধান জানিয়েছেন, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করে তাদের জানানো হয়েছে যে এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কিছুই প্রচার করা যাবে না। আরেক স্টেশনের ব্যবস্থাপকও একই কথা নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে দুজনেই নাম প্রকাশ করতে চাননি।
হাশত-ই সুবহ সংবাদমাধ্যম জানিয়েছে, লিখিত কোনো আদেশ ছাড়াই মৌখিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সম্প্রতি কান্দাহারের রেডিওতে ক্রিকেটের সরাসরি ধারাভাষ্য ও বিশেষ অনুষ্ঠানের সংখ্যা বেড়েছিল এবং সেগুলো স্থানীয় শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল।
এই নিষেধাজ্ঞা এমন সময়ে এসেছে যখন আফগান পুরুষ ক্রিকেট দল আন্তর্জাতিক মঞ্চে ভালো করছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ওঠার পর দেশে বেশ উচ্ছ্বাস তৈরি হয়েছিল। নিষেধাজ্ঞার খবর প্রকাশের সময়ও দলটি শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছিল। কিন্তু নতুন নির্দেশনায় কান্দাহারের রেডিও স্টেশনগুলো এই ম্যাচের খবর বা ফলও প্রচার করতে পারবে না।
তালেবান প্রশাসন আগে প্রকাশ্যে ক্রিকেটকে সমর্থন দিয়েছে। গত আগস্টে ক্ষমতায় ফেরার বার্ষিকীতে ক্রিকেট ম্যাচের আয়োজনও করেছিল তারা। পুরুষদের ক্রিকেট খেলার অনুমতি এখনো বহাল। তবে খেলাধুলার ওপর অন্যান্য বিধিনিষেধ নতুন নয়। এমএমএ নিষিদ্ধ করা হয়েছে এবং নারী-মেয়েদের খেলাধুলা ও জিমে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের খেলার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।
এই নতুন সিদ্ধান্তে ক্রিকেট খেলা নিয়ে নিষিদ্ধ হয়নি। পুরুষ ও কিশোরদের খেলার ওপর কোনো নতুন বাধার কথা জানা যায়নি। নিষেধাজ্ঞা শুধু কান্দাহারের রেডিও সম্প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য।
কান্দাহারের গুরুত্ব আলাদা। তালেবানের সর্বোচ্চ নেতার অবস্থান এই প্রদেশেই। তাই সেখানকার প্রশাসনের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এটি কেন্দ্রীয় নির্দেশে হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই। এএফপি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। কিন্তু প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।




