দল সংখ্যা বাড়ানোর পক্ষে জোরালো সমর্থন থাকা সত্ত্বেও ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী দুটি চক্রেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ৯টি দল নিয়েই আয়োজিত হতে যাচ্ছে।
রোববার বালিতে আইসিসি বোর্ডের দিনব্যাপী সভায় বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সম্ভাবনা রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে চলা এই ইস্যুটির চূড়ান্ত নিষ্পত্তি হবে। তবে ২০২৭-২৯ এবং ২০২৯-৩১ চক্রের জন্য প্রতিযোগিতাটির বর্তমান কাঠামো অপরিবর্তিত রাখার বিষয়ে আইসিসির সুপারিশই বোর্ড শেষ পর্যন্ত সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে চতুর্থ চক্রের শেষ পর্যায়ে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বিস্তর আলোচনা হয়েছে, যার মধ্যে এক পর্যায়ে দুই স্তরের লিগ চালুর প্রস্তাবও উঠেছিল।
সাবেক নিউজিল্যান্ড ব্যাটার রজার টুজের নেতৃত্বাধীন আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপের সুপারিশ অনুযায়ী, সব ১২টি পূর্ণ সদস্য দেশকে নিয়ে এক ডিভিশনে ডব্লিউটিসি সম্প্রসারণের একটি প্রস্তাব গত এক বছরে বেশ গতি পেয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা তিন পূর্ণ সদস্য দেশ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান এই প্রস্তাবের প্রতি জোরালো সমর্থন জানিয়েছিল।
কিন্তু দল বাড়ালে বাণিজ্যিক মূল্য বৃদ্ধি পাবে কি না তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সংশয় থাকায় (ডব্লিউটিসি মূলত সদস্য দেশগুলোর দ্বিপাক্ষিক উদ্যোগে আয়োজিত ও নির্ধারিত একটি লিগ, যেখানে কেবল ফাইনাল ম্যাচটি আইসিসি পরিচালনা করে) আপাতত বর্তমান ফরম্যাটটিই ধরে রাখার পক্ষে অবস্থান নিয়েছে আইসিসি।
রোববারের বোর্ড সভায় কী হতে যাচ্ছে তার আভাস মিলেছে শনিবার প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে, যেখানে বিষয়টি নিয়ে জোরালো তর্ক-বিতর্ক হয়। ডব্লিউটিসির বাইরে থাকা তিন পূর্ণ সদস্য দেশ আবেগঘন ভাষায় তাদের দাবি তুলে ধরে জানায়, টেস্ট চ্যাম্পিয়নশিপের মর্যাদা না থাকায় তাদের টেস্ট ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া উন্নতি ও অবনমন (প্রমোশন-রেলিগেশন) ব্যবস্থা না থাকায় শীর্ষ নয়ে জায়গা করে নেওয়ার কোনো সুযোগ না পাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করে তারা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও দল বাড়ানোর পক্ষে জোরালো অবস্থানে রয়েছে বলে জানা গেছে; সিইসি বৈঠকে সংস্থাটির প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি এ বিষয়ে জোরালো বক্তব্য রাখেন। তবে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট খেললেও ভ্রমণ ও আর্থিক বোঝার কারণে চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণের বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অনাগ্রহী বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, প্রায় তিন দশকের খরা কাটিয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক জিম্বাবুয়ে সফর চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে ইসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট। প্রাথমিকভাবে ২০২৮ সালের জন্য নির্ধারিত থাকলেও সফরটি এখন ২০৩০ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ভিক্টোরিয়া ফলসে একটি টেস্ট ম্যাচও অন্তর্ভুক্ত থাকবে।
দল বাড়ানোর পক্ষের দেশগুলোর জন্য রোববারের বোর্ড সভাটি শেষ চেষ্টা হিসেবে দেখা দিচ্ছে, যদিও তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যই মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। তবে টেস্ট ক্রিকেটের প্রতি জিম্বাবুয়ের প্রবল আগ্রহের কথা বিবেচনা করে সমঝোতার ভিত্তিতে ১০ দলের একটি প্রতিযোগিতা আয়োজনের ক্ষীণ সম্ভাবনা এখনো টিকে আছে; ২০২৫ সালে জিম্বাবুয়ে ১০টি টেস্ট খেললেও চলতি বছরে খেলেছে মাত্র দুটি।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি কৌশলগত পর্যালোচনা- যার আওতায় ক্রিকেটের তিনটি স্বীকৃত সংস্করণকেই খতিয়ে দেখা হচ্ছে, বোর্ড সভায় উপস্থাপন করা হবে। পর্যালোচনাটি পরিচালনাকারী বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনজি শনিবার রাতে বালিতে বোর্ড সভার আগে এ বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেছে।




