রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাপানের কাছে হার, আনচেলত্তিকে ব্রাজিল থেকে বিদায় নিতে বললেন রোমারিও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

শেয়ার করুন:

জাপানের কাছে হার, আনচেলত্তিকে ব্রাজিল থেকে বিদায় নিতে বললেন রোমারিও

জাপানের কাছে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর চাপ আরও তীব্র হয়েছে। এই পরাজয়ের পর ইনস্টাগ্রামে দেওয়া এক বিস্ফোরক পোস্টে ইতালীয় এই কোচকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে পরাজয়ের পাশাপাশি সেলেসাও শিবিরের শৃঙ্খলাভঙ্গের ঘটনাও আলোচনায় উঠে এসেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়েছিল। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ব্রাজিল সমতায় ফিরলেও যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে জয় নিশ্চিত করে জাপান।

শেষ মুহূর্তের ওই গোলের আগে একটি ফাউল হয়েছে- এমন দাবি তুলে ব্রাজিলের বেঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। তবে রেফারি গোলটি বহাল রাখেন এবং অশোভন আচরণের দায়ে প্রধান কোচ আনচেলত্তি ও আগেই বদলি হয়ে মাঠ ছাড়া ফরোয়ার্ড রাফিনিয়াকে লাল কার্ড দেখান।

এই ঘটনার পর ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ উগরে দেন ৬০ বছর বয়সি রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকা লেখেন, "আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! ব্যাগ গুছিয়ে বিদায় হোন! আমরা আর এসব সহ্য করতে পারছি না!"

আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে রোমারিও আরও লেখেন, "আপনার সাফল্যের রেকর্ড নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। বিশ্ব ফুটবলের ইতিহাসে দেখা অন্যতম সেরা কোচ আপনি, তবে সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে আপনি এখনো কিছুই দেখাতে পারেননি।"

এরপর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদের উদ্দেশে রোমারিও বলেন, "সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস দেখানোর এখনই সময়। আনচেলত্তিকে বিদায় করুন!"

সেলেসাওদের আর 'অপেক্ষা করা' উচিত নয় বলে সতর্ক করে রোমারিও যোগ করেন, "জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা চলে না। আমরা যথেষ্ট লজ্জিত হয়েছি এবং আরেকটি বিশ্বকাপ নষ্ট করার ঝুঁকি আমরা নিতে পারি না।"

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসের শেষ দিক থেকে ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। তাঁর অধীনে এখন পর্যন্ত ২১টি ম্যাচে ১২টি জয়, ৪টি ড্র এবং ৫টি পরাজয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল সেলেসাওরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর