শনিবার সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সেমিফাইনালে বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের শেষ মুহূর্তের ভুলে ১-০ গোলের জয় পাওয়ার পর তরুণ এই গোলরক্ষকের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন পাকিস্তান দলের প্রধান কোচ নলবার্তো সোলানো। ম্যাচজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও ৮৬তম মিনিটে শ্রাবণের ভুলে আবদুল সামাদ গোল করলে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।
এই গোলের মাধ্যমে দীর্ঘ ২১ বছর পর প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ম্যাচ শেষে এমন ভুলের প্রত্যাশা করেছিলেন কি না জানতে চাইলে তরুণ এই গোলরক্ষকের সমালোচনা করতে অস্বীকৃতি জানান সোলানো।
তিনি বলেন, "ওহ না, এটি খেলারই অংশ। আমি যেমনটা বলেছি, আপনাদের খুব ভালো একটি দল এবং খুব ভালো একজন কোচ আছে। তাই এটাই ফুটবল, আমার বন্ধু। মাঝেমধ্যে এমনটা ঘটে থাকে।" তিনি আরও যোগ করেন, "আমরা একটি সুযোগ পেয়েছিলাম, এবং আপনি যেমনটা বললেন, যে কেউই ভুল করতে পারে। তবে আজ এই অবস্থানে আসতে পেরে, এমন একটি ম্যাচ খেলে জয় পেতে এবং ফাইনালে পৌঁছাতে পেরে আমরা ভীষণ গর্বিত।"
ম্যাচে বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরীকে নিষ্ক্রিয় রাখাই পাকিস্তানের মূল পরিকল্পনার অংশ ছিল বলেও জানান সোলানো। তাঁর ভাষায়, "আমরা জানতাম তাদের দলে হামজা আছে। সে একজন দারুণ খেলোয়াড়, দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। সে বল পায়নি কারণ আমরা ওই জায়গাটি বন্ধ করে রেখেছিলাম, এবং এটি আমাদের পরিকল্পনারই অংশ ছিল।"
স্বাগতিক বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিলেও দলের প্রশংসা করেছেন পাকিস্তান কোচ এবং সমর্থকদের দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সোলানো বলেন, "আমি জানি বাংলাদেশের ফুটবলের অনেক উন্নতি হয়েছে, তবে এটাই ফুটবল। আপনাদের দেশের পাশে থাকুন। এটি কেবল একটি টুর্নামেন্ট, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।"




