শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বল টেম্পারিং নিয়ে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া সমালোচনায় ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

বল টেম্পারিং নিয়ে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া সমালোচনায় ওয়ার্নার

২০১৮ সালের কেপ টাউন বল টেম্পারিং কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়াকে ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ এবং ‘ত্রুটিপূর্ণ তদন্ত’ বলে অভিহিত করে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তীব্র সমালোচনা করেছেন সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন, যা অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলমান গৃহযুদ্ধকে আরও উসকে দিয়েছে।

‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত ওই ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া ওয়ার্নার দাবি করেন, ২০১৮ সালের তদন্তে দলের মূল বোলারদের আদৌ জিজ্ঞাসাবাদ করা হয়নি। ইনস্টাগ্রামে তিনি লেখেন, "আমি যতদূর জানি, সিএ তাদের ২০১৮ সালের তদন্তে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক বা নাথান লায়নের কোনো সাক্ষাৎকার নেয়নি। যদি এটি সত্যি হয়, তবে সিএ কীভাবে এই ধারণা প্রচার করতে পারে যে বোলাররা কিছুই জানতেন না?"

তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ওয়ার্নার আরও লেখেন, "মনে হচ্ছে তারা শুরু থেকেই ঠিক করে রেখেছিল কাকে দোষী সাব্যস্ত করবে, সেই উদ্দেশ্য হাসিল করতেই একটি দায়সারা তদন্ত চালিয়েছিল এবং এখন তারা এই মিথ্যা গল্পটিই টিকিয়ে রাখতে চায় যে বোলারদের কোনো ধারণাই ছিল না। এর মধ্যে পুরোপুরি ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে।"

চলতি সপ্তাহে উসমান খাজার আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর কেপ টাউনের তৃতীয় টেস্টের সেই পুরোনো ক্ষত আবারও দগদগে হয়ে উঠেছে। বইটিতে খাজা দাবি করেছেন, বল সুইং করানোর জন্য শিরীষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহারের পরিকল্পনার কথা পুরো দলই জানত। অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্তে বলা হয়েছিল, কেবল অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরুন ব্যানক্রফটই এ বিষয়ে অবগত ছিলেন এবং তাঁদের তিনজনকেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

এর আগে ২০২১ সালে এক যৌথ বিবৃতিতে স্টার্ক, হ্যাজলউড, লায়ন এবং প্যাট কামিন্স এই পরিকল্পনার কথা জানার বিষয়টি অস্বীকার করেছিলেন। গত শুক্রবার বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স এক দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার সাম্প্রতিক দাবিগুলোকে ‘শতভাগ ভুল’ বলে উড়িয়ে দেন। চলতি সপ্তাহে মিচেল স্টার্কও পুনরায় দাবি করেছেন যে, মাঠে কী নেওয়া হচ্ছে সে সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না। তবে হ্যাজলউড ও লায়ন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে, বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরুর সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শনিবার এক বিবৃতিতে সংস্থাটির এক মুখপাত্র বলেন, "আমরা আগেও যেমনটি বলেছি, প্রাথমিক তদন্তের সময় সব খেলোয়াড়কেই কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল এবং পরবর্তী আট বছরেও নতুন কোনো প্রমাণ সামনে আনার সুযোগ তাঁদের ছিল। পরবর্তীতে সিএ প্রতিটি বর্তমান ও সাবেক খেলোয়াড়ের নিজস্ব বক্তব্য তুলে ধরার অধিকারকে সম্মান জানিয়েছে।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর