শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তি নবায়ন করলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তি নবায়ন করলেন স্কালোনি

চলতি বছরের বিশ্বকাপ ফাইনালের হারের পর থেকে চলে আসা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার ৪৮ বছর বয়সি এই কোচকে পাশে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করা স্কালোনি সংবাদ সম্মেলনে জানান, দায়িত্ব নেওয়ার প্রথম দিনের মতোই এখনো তিনি সমান রোমাঞ্চিত ও উদ্দীপ্ত। দীর্ঘ ২০ বছর দলের প্রাণভোমরা হয়ে থাকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার এক মাস পর স্কালোনি বলেন, "এখন একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে।"

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া উল্লেখ করেন, এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া কোচ হবেন স্কালোনি।

গত ১৯ জুলাই নিউ জার্সিতে উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্কালোনি। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনার হতাশাজনক বিদায়ের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে কোচিংয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব নিয়েছিলেন তিনি। গত আট বছরে দলটিকে তিনি আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা দলে পরিণত করেছেন। ২০২২ বিশ্বকাপ ছাড়াও তাঁর অধীনে ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।

এখন ৩৯ বছর বয়সি মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই দলটিকে সামনে এগিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ স্কালোনির সামনে। স্পেনের কাছে ফাইনাল হারের পর দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেছিলেন, "যা ধরে রাখতে হবে তা হলো এই দলীয় চেতনা, খেলোয়াড় এবং দেশের মানুষের মধ্যকার এই একাত্মবোধ।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর