আগামী রবিবার জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে গ্রীষ্মকালীন মৌসুমের জন্য একটি স্থিতিশীল ব্যাটিং অর্ডার গড়ে তুলতে চায় দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রোটিয়া প্রধান কোচ শুকরি কনরাড এই পরিকল্পনার কথা জানান।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার পথে দারুণ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কনরাড জানান, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং ডিসেম্বরের মাঝামাঝি ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের হোম সিরিজে দলের ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।
জোহানেসবার্গ এবং প্রিটোরিয়ার হাইভেল্ড কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টেই পেসাররা মূল ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। সফরকারী বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্কবার্তা দিয়ে কনরাড বলেন, "বাংলাদেশের এখন বেশ ভালো একটি পেস আক্রমণ তৈরি হয়েছে। আগের বছরগুলোতে তারা কিছুটা দুর্বল বোলিং আক্রমণ নিয়ে এখানে আসত, কিন্তু এখন তাদের এমন বোলার আছে যারা যেকোনো কন্ডিশনে লড়াই করতে পারে। বিশেষ করে হাইভেল্ডে, যেখানে কন্ডিশন পেস বোলিংয়ের পক্ষে থাকবে বলে আমরা আশা করছি, সেখানে আমরা তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টে তিন নম্বরে খেলা ডেভিড বেডিংহামকে দল থেকে বাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাঁর জায়গায় হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরা টনি ডি জর্জি অথবা জুবায়ের হামজার মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে বলে জানান কনরাড।
তিন নম্বর পজিশন নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা এবং খেলোয়াড় বাদ দেওয়ার সমালোচনার জবাবে প্রোটিয়া কোচ বলেন, "আমরা তিন নম্বর পজিশনে কয়েকজনকে চেষ্টা করেছি, ডেভিড ছিলেন সর্বশেষ। বাইরে থেকে দেখে যেন মনে না হয় যে তিন নম্বর জায়গাটি একটি ঘূর্ণায়মান দরজায় (রিভলভিং ডোর) পরিণত হয়েছে, আমি তা একদমই চাই না। আমি ব্যাটিং অর্ডারটা থিতু করতে চাই। আমি শুনেছি আমাদের 'নির্মম' বলা হচ্ছে, কারণ মনে হচ্ছে আমরা কাউকে দুই-তিনটি সুযোগ দিয়ে ব্যর্থ হলেই বাদ দিচ্ছি- বিষয়টি মোটেও তেমন নয়।"
কনরাড আরও স্পষ্ট করেন যে, সেরা খেলোয়াড়দের দলে জায়গা করে দেওয়াই এখন মূল লক্ষ্য। নির্বাচিত ব্যাটারদের দীর্ঘ সময় সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, ইংল্যান্ড সফর শেষ হওয়ার আগে দলের টপ সেভেন ব্যাটিং লাইনআপে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা তিনি দেখছেন না।




