নিজের রেকর্ডগড়া বর্ণাঢ্য ক্যারিয়ারকে ৪৫তম জন্মদিনের পরও টেনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। দীর্ঘ ২৫ বছর আগে যে ল্যাঙ্কাশায়ারের হয়ে পেশাদার ক্রিকেট শুরু করেছিলেন, সেই কাউন্টি দল থেকে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় এবার ওভালের ক্লাব সারেতে নাম লেখালেন ৪৪ বছর বয়সি এই তারকা বোলার।
সারে কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ২০২৭ মৌসুমের জন্য অ্যান্ডারসনের সাথে চুক্তি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আগামী বছরের পরও খেলা চালিয়ে যেতে পারেন তিনি। মূলত লাল বলের ক্রিকেটের জন্যই এই চুক্তি হয়েছে, যদিও প্রয়োজন হলে সাদা বলের ক্রিকেটেও খেলতে আপত্তি নেই তাঁর। তবে এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের কোনো দায়িত্ব রাখা হয়নি।
নিজের জনপ্রিয় পডকাস্ট ‘টেইলেন্ডার্স’-এর এক বিশেষ পর্বে সারেতে যোগ দেওয়ার অনুভূতি প্রকাশ করে অ্যান্ডারসন বলেন, "হয়তো আর ক্রিকেট খেলব না- এমন ভাবনা থেকে আবার এমন একটি সুযোগ পাওয়া সত্যিই দারুণ রোমাঞ্চকর। আমি কেবল বিদায়ী সংবর্ধনা নেওয়ার জন্য সারেতে সই করিনি। আমি এমন একটি ক্লাব চেয়েছিলাম যারা আমাকে চায় এবং যাদের ট্রফি জয়ের সমান তাড়না রয়েছে।"
গত মাসে ল্যাঙ্কাশায়ার ছাড়ার প্রসঙ্গে তিনি জানান, শৈশবের ক্লাব ছাড়ার সময় কিছুটা আবেগ কাজ করলেও তিনি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে চাননি। তাই কয়েক সপ্তাহ সময় নিয়ে সবকিছু বিবেচনা করে সারেকেই সেরা ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন।
টেস্ট ক্রিকেটে ১৮৮ ম্যাচে ৭০৪ উইকেট নিয়ে সর্বকালের সেরাদের তালিকায় তৃতীয় এবং পেসারদের মধ্যে শীর্ষে রয়েছেন আগামী জুলাইয়ে ৪৫-এ পা রাখতে যাওয়া অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৯৯১ উইকেট ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের সব পেসারদের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালের গ্রীষ্মে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে বাধ্য হওয়ার পর গত দুই মৌসুম ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন তিনি; এমনকি সদ্য সমাপ্ত গ্রীষ্মে দলটির অধিনায়কত্বও করেন।
ব্যক্তিগতভাবে ৫০ উইকেট নিলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ল্যাঙ্কাশায়ার নিচের দিক থেকে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করে। এরপর দল পুনর্গঠনের অংশ হিসেবে ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস অ্যান্ডারসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের নামে একটি প্রান্ত থাকা সত্ত্বেও ক্লাবটি ছাড়তে হলো তাঁকে।
অন্যদিকে, ২০০২ সালে অ্যান্ডারসনের আন্তর্জাতিক অভিষেকের সময় ইংল্যান্ড দলে থাকা সাবেক অধিনায়ক ও সারির বর্তমান ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্টের সাথে আলোচনার পরই এই চুক্তি চূড়ান্ত হয়। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে টানা কাউন্টি চ্যাম্পিয়ন হওয়া সারে ২০২৫ সালে রানার্সআপ হলেও ২০২৬ সালে চোট জর্জরিত পেস আক্রমণের কারণে রেলিগেশনের শঙ্কায় পড়েছিল।
সারের স্কোয়াডে থাকা তিন পেসার গাস অ্যাটকিনসন, ম্যাথিউ ফিশার এবং সাসেক্স থেকে আসা হেনরি ক্রোকম্ব ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকায় অ্যান্ডারসনের অন্তর্ভুক্তি দলটির বোলিং বিভাগে বাড়তি গভীরতা ও অভিজ্ঞতা যোগ করবে। প্রথম বিভাগে ফেরার চ্যালেঞ্জ নিয়ে অ্যান্ডারসন বলেন, গত বছর তিনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং মাঠে এখনো তাঁর দেওয়ার মতো অনেক কিছু বাকি আছে বলেই তিনি বিশ্বাস করেন। এদিকে, প্রধান কোচ গ্যারেথ ব্যাটি আইপিএল দল চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফে যোগ দেওয়ায় সারে বর্তমানে একজন নতুন প্রধান কোচেরও সন্ধান করছে।




