বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাপান ম্যাচের আগে ব্রাজিলের নেতৃত্বে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

জাপান ম্যাচের আগে ব্রাজিলের নেতৃত্বে নতুন মুখ

কার্লো আনচেলত্তির নেতৃত্বাধীন ব্রাজিল দলে নতুন অধিনায়কের ঘোষণা এসেছে। নিয়মিত অধিনায়ক মারকিনিওস চোটের কারণে দলের বাইরে থাকায় জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে আর্মব্যান্ড পরবেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিহা।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা। এবারের আন্তর্জাতিক বিরতিতে জাপান ছাড়াও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষেও খেলবে ব্রাজিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সেই ম্যাচ দিয়েই চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করবে আনচেলত্তির দল।

পিএসজির হয়ে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেশির চোট পান মারকিনিওস। সে কারণে নভেম্বরের এই আন্তর্জাতিক ম্যাচগুলোর দলে জায়গা হয়নি তাঁর। ফলে নতুন করে অধিনায়ক নির্বাচন করতে হয়েছে কোচকে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, অধিনায়কত্বের জন্য ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালিয়েসের নামও বিবেচনায় ছিল। তবে আগের আন্তর্জাতিক বিরতিতে নির্ধারিত নেতৃত্বের ক্রম বজায় রেখেই রাফিনিহাকেই বেছে নিয়েছেন আনচেলত্তি। মাঠে তিনি না থাকলে ব্রুনো গিমারায়েসের হাতে যেতে পারে আর্মব্যান্ড।

শুধু অভিজ্ঞতা বা ক্লাব পর্যায়ে নেতৃত্বের অভিজ্ঞতার কারণেই নয়, জাতীয় দলের প্রতি রাফিনিহার দায়বদ্ধতাও ভূমিকা রেখেছে এই সিদ্ধান্তে। সম্প্রতি বাঁ কানে সংক্রমণ ও ব্যথার সমস্যা দেখা দিলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। বার্সেলোনা চাইছিল আন্তর্জাতিক বিরতির সময় সেটি করাতে। কিন্তু তাতে জাতীয় দলের ম্যাচগুলো মিস হয়ে যেত। তাই ২৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর পরদিনই অস্ত্রোপচার করান ২৯ বছর বয়সী এই ফুটবলার। কয়েকটি অনুশীলন মিস করলেও দ্রুত মাঠে ফিরেছেন তিনি এবং সুরক্ষামূলক ব্যান্ডেজ নিয়েই খেলেছেন। জাতীয় দলের কোচিং স্টাফ তাঁর এই সিদ্ধান্তকে আন্তরিকতার প্রমাণ হিসেবে দেখেছে।

জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে একাদশ নিয়েও কাজ চলছে। অনুশীলনে রক্ষণ ও আক্রমণভাগের সম্ভাব্য সমন্বয়ের ইঙ্গিত মিললেও মাঝমাঠ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গোলপোস্টে বেন্তোর সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। রক্ষণে ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালিয়েস ও দগলাস সান্তোস থাকতে পারেন। আক্রমণে ভিনিসিয়ুস বাঁ প্রান্তে এবং এস্তেভাও ডান প্রান্তে খেলতে পারেন। রাফিনিহাকে দেখা যেতে পারে কেন্দ্রীয় আক্রমণভাগের ভূমিকায়। মাঝমাঠে ব্রুনো গিমারায়েস ফিট থাকলে একাদশে থাকার সম্ভাবনা প্রবল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর