বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইসরায়েলি হামলায় প্রাণ গেল ফুটবলারের, নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

শেয়ার করুন:

ইসরায়েলি হামলায় প্রাণ গেল ফুটবলারের, নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার

গাজায় চলমান তীব্র সংঘাতে আবারও ঝরে গেল একটি তাজা প্রাণ। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। মাত্র ২০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন এই ক্রীড়াবিদ।

স্থানীয় সময় গত মঙ্গলবার গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় এই বিমান হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মাহমুদের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে। 

পিএফএ আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৭ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন তরুণ ফুটবলার আবদেল-মালেক।

গাজা সিটির দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে গাজা স্পোর্টস ক্লাব। শোকবার্তায় ক্লাবটি আবদেল-মালেককে প্রথম দলের গুরুত্বপূর্ণ গোলরক্ষক ও ক্লাবের কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছে।

মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে একটি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে অংশ নিয়েছিলেন এই তরুণ। ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ নামের ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল গাজায় নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তাদের স্মরণে। গাজা ও উত্তর গাজা অঞ্চলের ফাইনালে রানার্সআপ হয়েছিল আবদেল-মালেকের দল।

প্রতিযোগিতাটিতে অংশ নেয় দুই শতাধিক ক্লাব। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবিরের ৩৬টি ক্লাব ছিল। তিনটি অঞ্চলে একই সময়ে শুরু হয়েছিল এই আয়োজন।

এর আগে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ নিদাল বারবাক। শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

গাজায় ক্রীড়াবিদদের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হচ্ছে বিভিন্ন ক্রীড়া স্থাপনা। ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের দাবি, গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টিরও বেশি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি পাঁচ-এ-সাইড ফুটবল মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব তথ্য জানিয়েছেন ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত মার্চে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানায় পিএফএ। অন্যদিকে, ফিফার শৃঙ্খলা কমিটির একটি প্রতিবেদনে বেইতার জেরুজালেম ক্লাবের ধারাবাহিক বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার বিষয়টি উঠে আসে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর