বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে নিজের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। ঘরের মাঠে চলমান টুর্নামেন্টে নিজেদেরকেই ফেভারিট মানছেন এই তারকা। তিনি জানান, দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ট্রফি ঘরে তুলতে এই বাংলাদেশ দল পুরোপুরি সক্ষম এবং আত্মবিশ্বাসী।
সংবাদ সম্মেলনে হামজা বলেন, "আমরা জানি পুরো দেশ কী চায়। এবং এই দলটির ওপর আমাদের প্রবল আস্থা রয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে আমরা সেটা দেখেছি এবং ভারতকে তো আমরা ইতিমধ্যেই হারিয়েছি। আমরা জানি আমাদের খেলার মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এবং আমরা এর চেয়েও ভালো ফুটবল খেলতে পারি। সুতরাং ইনশাআল্লাহ, এই টুর্নামেন্টে আমরা ট্রফি জিততে সক্ষম হব।"
ফরোয়ার্ডদের সুযোগ নষ্ট করা এবং প্রত্যাশিত গোল না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে দীর্ঘদিনের এই ফরোয়ার্ড সমস্যার বিষয়টি মোটেও চিন্তার কারণ নয় বলে জানান হামজা।
তিনি যোগ করেন, "না, এতে উদ্বেগের কিছু নেই। আমি তখনই চিন্তিত হতাম যদি আমরা সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু বাস্তবতা হলো, আমরা একের পর এক সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের একবারে শেষ মুহূর্তে আমি নিজেও একটা সুযোগ হাতছাড়া করেছি। তবে যেমনটা বললাম, আমরা সুযোগ তৈরি করছি, ইনশাআল্লাহ শিগগিরই সেগুলো আমরা গোলে পরিণত করতে শুরু করব।"
ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা বাংলাদেশ দল সাফের গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
লঙ্কানদের যথেষ্ট শক্তিশালি প্রতিপক্ষ বললেও নিজেদের আত্মবিশ্বাসের কথাই জানিয়েছেন হামজা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা যথেষ্ট শক্তিশালী একটি দল। আমার মনে হয় গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে উন্নতি আমরাও করেছি। ভুটানের সঙ্গে ম্যাচটি কঠিন ছিল, তবে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। তাই আমাদের আত্মবিশ্বাস রয়েছে। ওদের ওপরই বেশি চাপ থাকবে, কারণ ওদের ম্যাচ না হারার একটা তাগিদ রয়েছে। তাই আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি, দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী এবং ইনশাআল্লাহ কাল আমরাই জিতব।’




