ফিফা কর্তৃক নিষেধাজ্ঞা কমে যাওয়ার পরও আর্জেন্টিনার রাইট-ব্যাক নাহুয়েল মোলিনাকে নভেম্বর আন্তর্জাতিক বিরতির জন্য জাতীয় দলে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছে না ইতালিয়ান ক্লাব এএস রোমা। ইতালিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে, রোমা তাদের খেলোয়াড়কে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে মুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তাঁকে ক্লাবের অনুশীলনে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারার পর মাঠের শৃঙ্খলাভঙ্গের কারণে ফিফা মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৭৭,০০০ ডলার জরিমানা করেছিল।
তবে সম্প্রতি ফিফা তাঁর নিষেধাজ্ঞা ৭ ম্যাচ থেকে কমিয়ে ৪ ম্যাচে নিয়ে আসে। সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে ইতোমধ্যেই তিনি ৩ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন, ফলে তাঁর আর মাত্র ১ ম্যাচের নিষেধাজ্ঞা বাকি রয়েছে।
আর্জেন্টিনা চলতি নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে এবং কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। নিষেধাজ্ঞা কমে যাওয়ায় কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলার যোগ্য ছিলেন মোলিনা। জাতীয় দলের স্কোয়াড ঘোষণার পর শাস্তি কমানোর সিদ্ধান্ত আসায় কোচ লিওনেল স্কালোনি শেষ মুহূর্তে তাঁকে দলে যুক্ত করতে চেয়েছিলেন।
তবে রোমা এএফএকে জানিয়ে দিয়েছে যে, বিলম্বিত কল-আপ এবং প্রস্তুতির বিষয় বিবেচনা করে তারা এই বিরতিতে খেলোয়াড়কে ছাড়বে না। পরিবর্তে বুধবার থেকে ইতালিতেই ক্লাবের সতীর্থদের সাথে নিয়মিত অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মোলিনাকে।




