মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন সাবেক বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন সাবেক বিসিবি সভাপতি বুলবুল

লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এই ফ্র্যাঞ্চাইজিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের অগ্রগতি, আধুনিক কোচিং পদ্ধতি তৈরি এবং তরুণ ক্রিকেটারদের পর্যায়ক্রমে মূল ধারায় তুলে আনার পরিকল্পনা তৈরিতে কাজ করবেন।

তাঁর বিশাল আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের তৃণমূল পর্যায়ের ক্রিকেটের ভিত্তি সুসংগঠিত করা এবং বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ হিসেবেই বুলবুলকে এই দায়িত্ব দিয়েছে লাহোর কালান্দার্স।

আমিনুল ইসলাম বুলবুল ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে টানা এক দশক দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা তাঁকে মাঠের অভিজ্ঞতার পাশাপাশি সফল প্রশাসনিক দক্ষতার পরিচয় এনে দেয়।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করেছেন বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তিনি এবং ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।

নিজেদের হাই-পারফরম্যান্স ও বয়সভিত্তিক প্রোগ্রামের মাধ্যমে তরুণ ও উদীয়মান প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে মূল মঞ্চে তুলে আনার জন্য পিসএলে আলাদা সুনাম রয়েছে লাহোর কালান্দার্সের। আমিনুল ইসলাম বুলবুলের মতো অভিজ্ঞ ব্যক্তিত্ব যুক্ত হওয়ায় তাদের সেই প্রয়াস আরও নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর