আগামী বছর মে মাসে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ। থ্রি লায়ন্সদের বিপক্ষে একমাত্র টেস্টটির আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঐতিহাসিক লর্ডস টেস্টের আগেই এসেক্সের কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এছাড়া দুটি টেস্ট ম্যাচের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটি তিন বা চার দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।
চেমসফোর্ডে ২০২৩ সালে আয়ারল্যান্ড তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এই মাঠে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে অনুষ্ঠিত হলেও কোনো টেস্ট ম্যাচ খেলা হয়নি। তবে মাঠটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অত্যন্ত স্মরণীয়- ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই চেমসফোর্ডের মাঠেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে নেমেছিল লাল-সবুজ দল।
এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার দুটি মিরপুরে ও একটি সিলেটে অনুষ্ঠিত হয়েছিল। ফলে বিদেশের মাটিতে আইরিশদের বিপক্ষে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশের এই ইংল্যান্ড সফর ছিল না। তবে আগামী বছর ঘরের মাঠে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিসিবি সানন্দে সেই সুযোগ গ্রহণ করে।
এর আগে ২০০৫ ও ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিশেষ করে ২০১০ সালের সেই সফরে ব্যাক-টু-ব্যাক দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব দরবারে নজর কেড়েছিলেন সাবেক ওপেনার তামিম ইকবাল, যিনি বর্তমানে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, আগামী মে মাসে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ফেব্রুয়ারি মাসেই ইংলিশদের আতিথ্য দেবে বাংলাদেশ। সেই সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।




