মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

শেয়ার করুন:

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

ডান হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের জার্সিতে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত রোববার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ১৯ বছর বয়সি এই তারকা। ওই ম্যাচে ফেরমিন লোপেসের জয়সূচক গোলটিতেও অ্যাসিস্ট করেছিলেন তিনি। ম্যাচ চলাকালেই ডান হাঁটুতে আঘাত পান ইয়ামাল।

স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, পরবর্তী কয়েক দিন বার্সেলোনাতেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন এই ফরোয়ার্ড। আগামী রবিবার মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে জাতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দারুণ ছন্দে থাকা ইয়ামাল এখন পর্যন্ত ২০টি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন এবং ১৭টি গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছেন। অতিরিক্ত ম্যাচের ধকল ও তাঁর শারীরিক অবস্থা নিয়ে এর আগেও বার্সেলোনা ও স্প্যানিশ টিম ম্যানেজমেন্টের মধ্যে নানা আলোচনা হয়েছে।

এদিকে ফ্লু থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচটিতে থাকছেন না রিয়াল সোসিয়েদাদ স্ট্রাইকার মিকেল ওয়ারসাবালও। তবে ইয়ামালের মতো তাঁকেও ইংল্যান্ড ম্যাচের স্কোয়াডে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফেডারেশন।

গ্রুপ 'এ৩'-এর ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে ইতিবাচক ফল পেলেই গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে লুইস দে লা ফুয়েন্তের দল। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর