অস্ট্রেলিয়ার সাবেক উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নার ২০১৮ সালের কেপটাউন বল-টেম্পারিং বা ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে সতীর্থ উসমান খাজার বিস্ফোরক মন্তব্যের প্রকাশ্যে পূর্ণ সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তৎকালীন তদন্ত প্রক্রিয়াকে "ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে করা" বলে আখ্যা দিয়ে আরও স্বচ্ছতার দাবি জানিয়েছেন তিনি।
বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে খেলার সময় ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় দীর্ঘ আট বছরের নীরবতা ভেঙে মুখ খোলেন ওয়ার্নার। উসমান খাজার বহুল আলোচিত আত্মজীবনী ‘সবর’ প্রকাশের ঠিক আগে তাঁর এই মন্তব্য সামনে এল। খাজায় তাঁর বইয়ে দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের আগেই শিরিষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহার করার বিষয়টি দলে আলোচনা হয়েছিল এবং তৎকালীন শাস্তি পাওয়া তিন খেলোয়াড়ের (স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট) বাইরেও ঘটনার বিষয়ে অনেকের জানা ছিল।
খাজা আরও প্রকাশ করেন, ঘটনার দিন ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসে থাকা সত্ত্বেও তদন্তকারীরা তাঁকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি, যদিও তিনি নিজে যা জানতেন তা বলার প্রস্তাব দিয়েছিলেন।
ভিডিওতে খাজার বক্তব্যকে সমর্থন করে ওয়ার্নার বলেন, "উজি (উসমান খাজা), আমি তোমাকে শতভাগ সমর্থন জানাচ্ছি। তুমি যা বলেছ তা ১০০ ভাগ সত্যি। এখন অন্তত সবাই আসল সত্যটা জানতে পারছে।"
একটি পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তে কেন দলের প্রধান সদস্যদেরই বাদ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলে ওয়ার্নার আরও বলেন, "পুরো সাক্ষাৎকার ও তদন্ত প্রক্রিয়াটি ছিল অত্যন্ত তাড়াহুড়ো করে করা এবং সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। ড্রেসিংরুমে ব্যানক্রফটের পাশে বসে থাকা সত্ত্বেও উজির কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি! এটাকে কীভাবে একটা পুঙ্খানুপুঙ্খ বা নিরপেক্ষ তদন্ত বলা যায়, তা আমার মাথায় আসে না।"
৮ বছর পর কেন এই বিষয়ে মুখ খোলা হলো, এমন সমালোচনার জবাবে ওয়ার্নার জানান, তিনি প্রথমে নিজের সন্তানদের সাথে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে চেয়েছিলেন। টিভিতে কান্না করার দৃশ্য দেখে তাঁর বড় মেয়ে কারণ জানতে চাইলে তিনি সন্তানদের এটাই শিখিয়েছেন যে সর্বদা সত্যের পক্ষে থাকা উচিত, কারণ মিথ্যা একদিন না একদিন প্রকাশ পাবেই। তিনি জোর দিয়ে বলেন, পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তোলা উদ্দেশ্য নয়, বরং জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তাদের ২০১৮ সালের তদন্তের পক্ষে সাফাই গেয়ে বলেছে, তৎকালীন সব তথ্য সঠিকভাবে মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারা এখনও তাদের সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থাশীল।
যদিও সিএ-র যেসব শীর্ষ কর্মকর্তা সেই সময় তদন্তের দায়িত্বে ছিলেন তাঁরা বর্তমানে বোর্ডে নেই, তবে মিচেল স্টার্ক ও ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শের মতো বর্তমান জাতীয় দলের তারকাদের সামনে আসন্ন সংবাদ সম্মেলনে এই নতুন বিতর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।




