মার্কিন রাজনীতিতে এক চমকপ্রদ আলোচনার জন্ম দিয়েছেন সাবেক ডব্লিউডব্লিউই রেসলার গ্লেন জ্যাকবস, যিনি রিংয়ে ‘কেন’ নামে বিশ্বজুড়ে পরিচিত। মারশা ব্ল্যাকবার্ন আগামী জানুয়ারিতে টেনেসির গভর্নরের দায়িত্ব গ্রহণ করার পর শূন্য হতে যাওয়া মার্কিন সিনেট আসনে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন এই রাজনীতিক।
দ্য ওয়াশিংটন সান-এর প্রতিবেদন অনুযায়ী, ডব্লিউডব্লিউইর রিং থেকে রাজনীতিতে পা রাখা গ্লেন জ্যাকবস এই মুহূর্তে সিনেট পদের দৌড়ে প্রধান ফ্রন্টরানার বা ফেভারিট হিসেবে আবির্ভূত হয়েছেন।
গ্লেন জ্যাকবস এবং মারশা ব্ল্যাকবার্ন উভয়েরই সাধারণ রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করছেন ওয়ার্ড বেকার। এছাড়া মারশার সাম্প্রতিক গভর্নর নির্বাচনী প্রচারণায়ও তাঁর খুব কাছাকাছি দেখা গেছে জ্যাকবসকে। টেনেসির রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, মারশার সঙ্গে এই ঘনিষ্ঠতাই তাঁকে সিনেট দৌড়ে অন্য প্রতিযোগীদের চেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে।
প্রভাবশালী রাজনৈতিক পরামর্শক কিম পেরির মতে, মেমফিস ও শেলবি কাউন্টির মতো অঞ্চলগুলোতে রেসলিং বেশ জনপ্রিয় হওয়ায় সাধারণ মানুষের কাছেও জ্যাকবসের দারুণ পরিচিতি রয়েছে। রিপাবলিকান দলীয় এক অপারেটিভের ভাষ্যমতে, "প্রতিষ্ঠিত রাজনীতিকদের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গেও সমানভাবে কথা বলার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তাঁর।"
ডব্লিউডব্লিউইতে দ্য আন্ডারটেকারের কাল্পনিক সৎ ভাই ‘কেন’ চরিত্রে অভিনয় করে কিংবদন্তি খ্যাতি অর্জন করেছিলেন গ্লেন জ্যাকবস। ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে See No Evil, See No Evil 2-এর মতো কিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাকবস ২০২১ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেমে জায়গা পান। তবে রেসলিং ও অভিনয় ছাড়ার পর তিনি পুরোপুরি মন দেন রাজনীতিতে।
দীর্ঘদিন লিবার্টিয়ান মতাদর্শে বিশ্বাসী এবং মার্কিন কংগ্রেসের পরিচিত মুখ রন পলের ঘনিষ্ঠ মিত্র জ্যাকবস ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের টেনেসির নক্স কাউন্টির মেয়রের দায়িত্ব পালন করেছেন। মেয়াদ পূর্ণ হওয়ায় সম্প্রতি তিনি মেয়র পদ ছাড়েন।
মারশা ব্ল্যাকবার্নের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে জ্যাকবসের পাশাপাশি আরও কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্য টিম বারচেট, ডেপুটি গভর্নর স্টুয়ার্ট ম্যাকহোর্টার এবং কংগ্রেসম্যান চাক ফ্লেইশম্যান। এমনকি বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নামও মাঝে মধ্যে আলোচনায় এলেও, নীতিনির্ধারকরা তা মূলত উড়িয়ে দিয়েছেন।
আগামী ১৬ জানুয়ারি মারশা ব্ল্যাকবার্ন আনুষ্ঠানিকভাবে গভর্নরের দায়িত্ব নেওয়ার পর এই শূন্য আসনে কার ভাগ্য খুলবে, এখন সেদিকেই তাকিয়ে আছে মার্কিন রাজনৈতিক মহল।




