সাফ চ্যাম্পিয়নশিপে রোববার রাতে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন শ্রীলঙ্কার হেড কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পুরো সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
ভিএআর না থাকা এবং রেফারির ভুলের কথা তুলে ধরে মুতাইরি বলেন, ‘গ্রুপ পর্ব থেকেই যদি ভিএআর থাকত, আমি বিশ্বাস করি ভুটানের দ্বিতীয় গোলটা অফসাইড ছিল। আর আমাদেরও একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা পাইনি। ভুটানের বিপক্ষেই যদি এই সমস্ত ভুল হতে পারে, তবে স্বাগতিক দেশ বাংলাদেশের বিপক্ষে আমাদের সঙ্গে কী ঘটবে? এটাই সাফের কাছে আমার প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘যদি বাণিজ্যিক সুবিধার কথা ভেবে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তবে ফাইনাল ম্যাচটা শুধু ওই দুদলের মধ্যেই আয়োজন করুন। বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন এবং আমাদের মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে বাঁচান।’
ভিএআর চালুর খরচ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, ‘যদি আপনারা টাকা খরচ করতেই না পারেন, তবে টুর্নামেন্ট আয়োজন করেন কেন? অন্তত যদি বাইরে থেকে রেফারি আনেন, তবে ভিএআর রাখুন। সেমিফাইনাল আর ফাইনালে গিয়ে কেন ভিএআর চালু করেন?’
এত সমালোচনার পরও আসন্ন বাংলাদেশ ম্যাচ নিয়ে কোনো ভয় নেই বলে জানিয়েছেন কোচ। তিনি বলেন, ‘আমি কেবল আমার বাবাকে ভয় পেতাম। তাই আমি কাউকে বা কোনো কিছুকেই ভয় পাই না। ফুটবল মাঠে খেলা হবে ১১ জনের বিরুদ্ধে ১১ জন। আমি একটা কথা প্রতিশ্রুতি দিচ্ছি; শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটি সাফ ইতিহাসের সেরা ম্যাচ হবে।’
আগামী ১১ নভেম্বর রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ওই ম্যাচে হারলে লঙ্কানদের বিদায়ের আশঙ্কা থাকবে। তবে অন্তত ড্র করলেই তারা সেমিফাইনালে উঠতে পারবে।




