শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের

সিলেট টেস্টে অবিশ্বাস্য এক ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। মাত্র ক্যারিয়ারের তৃতীয় টেস্টে খেলতে নেমে খেলতে নেমে তিনি উপহার দিয়েছেন এক মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন মুশফিকুর রহিমের দীর্ঘদিনের রেকর্ড। এতদিন জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের অপরাজিত ২১৯ রানই ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ব্যাটারদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান এই টেস্টের তৃতীয় দিনে এসে সেই রেকর্ড নিজের করে নেন ডানহাতি ব্যাটার হৃদয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫৩ বলে ২৩৬ রানে ব্যাট করছে হৃদয়, অপরপ্রান্তে তাসকিন আসছে ৮ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩৭৬ রান। তাতে টাইগাররা লিড পেয়েছে ২০ রানের।   

এদিন পুরো ইনিংসে একপ্রান্ত আগলে রেখে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাকে আক্ষরিক অর্থেই 'ওয়ান ম্যান শো' বলা চলে। সতীর্থদের কেউ ফিফটি পর্যন্ত পৌঁছাতে না পারায় হৃদয়ের এই লড়াই ছিল একাই একশো।

চা-বিরতির ঠিক আগের অবস্থা বেশ নাটকীয় ছিল। সাদমান ইসলাম ইনজুরিতে থাকায় কার্যত তাসকিন আহমেদকেই শেষ ব্যাটার হিসেবে পেয়েছিলেন হৃদয়। ১৯০ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া হৃদয় তাসকিনকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন দুর্দান্ত প্রতিরোধ। এর আগে তাইজুল ইসলামের সঙ্গে গড়া ১১৭ রানের জুটি বাংলাদেশকে তিনশ রানের গণ্ডি পার করে দিতে বড় ভূমিকা রেখেছিল। যদিও জোমেল ওয়ারিকেনের ঘূর্ণিতে ২২ রান করে তাইজুল স্টাম্পিং হলে সেই জুটির অবসান ঘটে।

ম্যাচের শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের পেস তোপে পড়ে মাত্র ২২ রানেই হারায় প্রথম দুই উইকেট। নাঈম হাসান ৫ ও তানজিদ হাসান তামিম ১৬ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ১৮ রানের বেশি করতে পারেননি।

পরবর্তীতে লিটন দাস ৮ রান এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩৪ রান করে আউট হলে বড় বিপদে পড়ে দল। মেহেদী হাসান মিরাজ ১৬ এবং হাসান মাহমুদ ১ রান করে উইকেট বিলিয়ে দিলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। তবে একদিকে যখন আসা-যাওয়ার মিছিল চলছিল, ঠিক তখনই অন্যপ্রান্তে অটল থেকে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান তাওহীদ হৃদয়। তার এই ঐতিহাসিক কীর্তিতে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে স্বস্তির সুবাতাস বইছে বাংলাদেশ শিবিরে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর