শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুমকি স্পেনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুমকি স্পেনের

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিজেদের মাটিতে দেখতে চান স্পেনের বিরোধীদলীয় শীর্ষ নেতা আলবার্তো নুন্যেস ফেহিহো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মরক্কো যদি শেষ পর্যন্ত ফাইনালের আয়োজক স্বত্ব পায়, তবে যৌথ আয়োজক হিসেবে এই মেগা টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে স্পানিশরা।

স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যু বণ্টন নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। আগামী ২৯ নভেম্বর স্পেনের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনীতি এখন বেশ উত্তপ্ত। বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও প্রধান বিরোধী দল ‘পার্টিদো পপুলার’-এর প্রধান ফেহিহোর মধ্যে এই লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিংগিতো’-কে দেওয়া সাক্ষাৎকারে ফেহিহো নিজের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, মূল যৌথ প্রস্তাবটি মূলত স্পেন ও পর্তুগালের ছিল, যেখানে মরক্কোকে পরে যুক্ত করা হয়। তাই যৌক্তিক ও ন্যায়সংগত কারণেই ফাইনাল ম্যাচটি স্পেনে আয়োজিত হওয়া উচিত। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ফাইনাল না পেলে টুর্নামেন্ট থেকে সরকারি সব ধরনের সহায়তা ও সমর্থন উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ম্যাচটির ভেন্যু নিয়ে লড়াই চলছে মূলত তিন দেশের মধ্যে। মরক্কোর কাসাব্লাংকায় নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার আসনবিশিষ্ট ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’ এই ফাইনালের শক্তিশালী দাবিদার। অন্যদিকে, স্পেনের মাদ্রিদের ‘সান্তিয়াগো বার্নাব্যু’ এবং বার্সেলোনার ‘কাম্প ন্যু’ এই মর্যাদাপূর্ণ ম্যাচটি নিজেদের ঘরে তুলতে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাথমিক সূচি অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলো স্পেনের ১১টি, মরক্কোর ৬টি এবং পর্তুগালের ৩টি মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে স্পেনের আসন্ন নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করে বিশ্বকাপের এই মানচিত্র শেষ পর্যন্ত কোন রূপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর