বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

একাধিক সুযোগ মিসে প্রথমার্ধে গোলহীন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

একাধিক সুযোগ মিসে প্রথমার্ধে গোলহীন বাংলাদেশ

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। বেশ কয়েকবার গোলের মুখোমুখি হয়েও জালে বল পাঠাতে পারেনি কোচ থমাস ডুলির শিষ্যরা। ফলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে গোলশূন্য ড্রতে।

ম্যাচ শুরুতেই একটা চমক দেখা গেল। আগে ঘোষিত একাদশে অধিনায়ক হিসেবে তপু বর্মণের নাম থাকলেও মাঠে আর্মব্যান্ড পরে নামলেন জামাল ভূঁইয়া। তপুকে মাঠে দেখা যায়নি। আর নাম্বার নাইন পজিশনে খেলতে নামেন বিশ্বনাথ ঘোষ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ডান পাশ দিয়ে রাকিব হোসেন এগিয়ে যান। জিদান ইউসুফও একটা সুযোগ পান। ১৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে শমিত সোমের হেড ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক। ১৭ মিনিটে রাকিবের ক্রস থেকে বিশ্বনাথের হেড গোলবারের বাইরে চলে যায়। এটাই ছিল তখনকার সবচেয়ে ভালো সুযোগ।

২৫ মিনিটে জামালের ক্রসে আবারও সুযোগ পান বিশ্বনাথ, কিন্তু বল বাইরে মারেন। প্রায় আধঘণ্টা পর ভুটান একটু আক্রমণ গড়ে তুললে তারিক কাজী তা ঠেকিয়ে দেন। ৩৫ মিনিটে ভুটানের কর্নার থেকে নিমা ওয়াংডির শট উড়ে যায়। ৩৯ মিনিটে তাদের প্রথম অন-টার্গেট শট আসে, শ্রাবণ সেটা ধরে ফেলেন। ফিরতি আক্রমণে বিশ্বনাথ আবারও গোলবারের বাইরে শট নেন।

৪২ মিনিটে বিশ্বনাথ সুযোগ তৈরি করে দেন ফয়সাল আহমেদ ফাহিমকে। তিনি শট নিতে না পেরে ফাউল আদায় করেন। সেই ফ্রি-কিক থেকে শমিতের হেডও বারের বাইরে যায়। শেষ পর্যন্ত দুই দলই বিরতিতে যায় গোলশূন্য স্কোর নিয়ে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর