আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নেতৃত্বে নতুন মুখ দেখা যেতে পারে। নিয়মিত অধিনায়ক ও সহ-অধিনায়ক দুজনেই চোটের কারণে বাইরে থাকায় কোচ লিওনেল স্কালোনির সামনে এখন বড় প্রশ্ন ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে কে সামলাবেন দলের দায়িত্ব?
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, নিয়মিত অধিনায়ক কুটি রোমেরো পেশির চোটের কারণে এবারের স্কোয়াডে নেই। সহ-অধিনায়ক লাউতারো মার্তিনেজও একই কারণে দল থেকে বাদ পড়েছেন। লিওনেল মেসির কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছিলেন রোমেরো। এখন তাকে ছাড়াই দল সাজাতে হচ্ছে স্কালোনিকে।
তিন অধিনায়কের মধ্যে আরেকজন দিবু মার্তিনেজের অবস্থাও এখনো অনিশ্চিত। সেপ্টেম্বরের মাঝামাঝি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সময় চোয়ালে চোট পান অ্যাস্টন ভিলার এই গোলকিপার। এখনো চিকিৎসকদের পূর্ণ ছাড়পত্র পাননি তিনি। উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা নিশ্চিত নয়। তবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে পারলে অধিনায়কের দায়িত্বও তার হাতে উঠতে পারে।
দিবু খেলতে না পারলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন নিকোলাস তাগলিয়াফিকো। স্কালোনির অধীনে ২০১৮ সালের সেপ্টেম্বরেই প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। এরপর থেকে জাতীয় দলে নিয়মিত জায়গা করে নিয়েছেন তিনি। দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।
বিকল্প হিসেবে আছেন লিসান্দ্রো মার্তিনেজ। রক্ষণভাগের এই ফুটবলার দলের গুরুত্বপূর্ণ নেতাদের একজন। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো খেলোয়াড়রাও আছেন, যাদের সতীর্থদের উজ্জীবিত করার সামর্থ্য রয়েছে।
তবে মাঝমাঠে অভিজ্ঞতার ঘাটতি থাকবে আর্জেন্টিনার। রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো নেই। ১০ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেসও। ফলে নেতৃত্বের পাশাপাশি মাঠের নিয়ন্ত্রণ রাখার দায়িত্বও নিতে হবে বাকি অভিজ্ঞদের।




