বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বেলিংহ্যামের মতো মিডফিল্ডার বিশ্বে আর নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

‘বেলিংহ্যামের মতো মিডফিল্ডার বিশ্বে আর নেই’

এইকে অ্যাথেন্সের বিপক্ষে রিয়াল মাদ্রিদের নাটকে ঠাসা জয়ের পর ইংলিশ মিডফিল্ডার জ্যুড বেলিংহামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অল হোয়াইটসদের হেড কোচ হোসে মরিনহো। রিয়াল কোচের মতে, বর্তমান ফুটবল বিশ্বে বেলিংহামের মতো পরিপূর্ণ ফুটবলার আর একজনও নেই।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে গ্রিক ক্লাব অ্যাথেন্সকে ৩-২ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৯২তম মিনিটে অধিনায়ক ফেদেরিকো ভালভার্দির দুর্দান্ত জয়সূচক গোলে মাঠ ছাড়ে তারা। এর আগে অ্যাথেন্স দু-দুবার এগিয়ে গেলেও বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ৯০তম মিনিট বা তার পরে সবচেয়ে বেশি (৯টি) জয়সূচক গোল দেওয়ার নজির গড়ল রিয়াল।

ম্যাচের ৩২তম মিনিটে মার্ক কুকুরেয়ার নিচু ক্রস থেকে চমৎকার ফিনিশিংয়ে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ২৩ বছর ১২৮ দিন বয়সি বেলিংহাম। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তাঁর সরাসরি ৩০তম গোল অবদান (১৬ গোল ও ১৪ অ্যাসিস্ট)। উয়েফা সেরা এই প্রতিযোগিতায় ষষ্ঠ কনিষ্ঠতম এবং ইউরোপীয়দের মধ্যে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের পর তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ৩০টি গোলে সরাসরি অবদানের এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

গোল করার পাশাপাশি পুরো ম্যাচেই দুর্দান্ত উজ্জ্বল ছিলেন বেলিংহাম। প্রতিপক্ষের ডি-বক্সের ফাইনাল থার্ডে সর্বাধিক ১৪ বার বল নিয়ে ঢোকা, ২৬টি সফল পাস (এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ), ৯টির মধ্যে ৭টি ডুয়েল জয় এবং শতভাগ ট্যাকল (২/২) সফল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন তিনি।

বেলিংহাম প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, "আমি আসার পর থেকেই সে অসাধারণ পারফর্ম করছে। সে এক অনন্য খেলোয়াড়। বর্তমান ফুটবল বিশ্বে জ্যুডের মতো ফুটবলার দ্বিতীয়টি নেই, সে সব দিক থেকেই পরিপূর্ণ। তাকে ব্যাখ্যা করার মতো পর্যাপ্ত শব্দ আমার কাছে নেই, কারণ সে সত্যিই অবিশ্বাস্য। এমনকি যেদিন তার সেরা খেলাটা আসে না, সেদিনও সে তার কঠোর পরিশ্রম, নেতৃত্ব, মানসিকতা, গুণমান ও গোল করার ক্ষুধা বজায় রাখে। আমার দলে তার মতো ক্যালাইবারের খেলোয়াড় পাওয়াটা ভাগ্যের বিষয়।"

নাটকীয় এই জয় এবং প্রতিপক্ষের লড়াই নিয়ে মরিনহো আরও যোগ করেন, "ফলাফলে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমরা খুব কঠিন একটি দলের বিরুদ্ধে খেলেছি। আমরা তাদের যেসব ম্যাচ বিশ্লেষণ করেছিলাম, সেগুলোর কোনোটিই আজকের পারফরম্যান্সের কাছাকাছি ছিল না। শুরু থেকেই তারা খুব গুছিয়ে খেলেছে। লুকা জভিচ আক্রমণভাগে অসাধারণ খেলেছে। আমাদের সেরা খেলাটা না খেলতে পারার মূল কৃতিত্ব প্রতিপক্ষের, তারা সত্যিই দারুণ ফুটবল উপহার দিয়েছে।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর