বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

টেনিস কোর্ট থেকে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে কিংবদন্তি নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

টেনিস কোর্ট থেকে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে কিংবদন্তি নাদাল

টেনিস কোর্ট থেকে দুই বছর আগে বিদায় নেওয়া কিংবদন্তি রাফায়েল নাদাল এবার যুক্ত হতে চলেছেন তাঁর আজীবনের প্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে। বুধবার (৪ নভেম্বর, ২০২৬) ক্লাবটির পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন ২২টি গ্র্যান্ড স্লাম ও রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেনজয়ী এই স্প্যানিশ টেনিস মহাতারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শৈশবে রিয়াল মাদ্রিদের ফুল কিট পরিহিত নিজের একটি ছবি শেয়ার করে নাদাল লেখেন, "প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই। অত্যন্ত আনন্দ, শেখার তীব্র আগ্রহ এবং ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার মানসিকতা নিয়ে আমি এই প্রস্তাব গ্রহণ করেছি।"

রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের ৬৭,৭৭৮ নম্বর সদস্য রাফায়েল নাদাল পারেরাকে নতুন বোর্ড সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি সাধারণ সভার অনুমোদনের জন্য পেশ করা হবে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, "স্পেন তথা বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা এই ব্যক্তিত্বের বোর্ডে যোগদান রিয়াল মাদ্রিদ এবং বিশ্বজুড়ে থাকা সমস্ত মাদ্রিদভক্তদের জন্য অত্যন্ত সম্মানের। ক্লাবের বর্তমান ও ভবিষ্যতে তাঁর এই অবদান দারুণ ভূমিকা রাখবে।"

উল্লেখ্য, নাদালের চাচা মিগুয়েল অ্যাঞ্জেল নাদাল বার্সেলোনার হয়ে খেললেও, রাফায়েল নাদাল আজীবন রিয়াল মাদ্রিদের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

সম্প্রতি এপির এক সাক্ষাৎকারে পিতৃত্বের অভিজ্ঞতা, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের সঙ্গে পরিকল্পনা এবং লাস ভেগাসের আসন্ন প্রদর্শনী ম্যাচ নিয়ে কথা বলেছেন নাদাল। অবসর নেওয়ার পরও যে তিনি খুব একটা ফুরসতে নেই, তা জানিয়ে তিনি বলেন, "অবসরে থাকলেও আমি খুব কমই বাড়িতে থাকি। আমি ভ্রমণ করছি, বিভিন্ন কাজ ও নানা ইভেন্টে ব্যস্ত সময় কাটাচ্ছি।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর