আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হওয়ার আগে জামাল ভূঁইয়ার জায়গায় ডিফেন্ডার তপু বর্মণকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি।
বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া উদ্বোধনী ম্যাচের আগে বুধবারের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়কের আসনে জামাল ভূঁইয়ার অনুপস্থিতি এবং তপু বর্মণের উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দেয়। দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসা জামালের বদলে তপুকে আর্মব্যান্ড দেওয়া নিয়ে প্রশ্ন উঠলে ডুলি জানান, এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই; কারণ দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অধিনায়কত্বে রোটেশন বজায় রাখছেন।
ডুলি বলেন, "আমি আসার পর থেকে এ পর্যন্ত ২-৩ জন অধিনায়ক ব্যবহার করেছি। এর আগে আমরা যখন ইতালি গিয়েছিলাম, তখনও তপু অধিনায়কত্ব করেছে, আবার জামালও অধিনায়ক ছিল। তাই আগামীকালের ম্যাচে তপু অধিনায়ক হচ্ছে এতে অবাক হওয়ার মতো কিছু নেই।"
অধিনায়কত্বের জন্য রক্ষণভাগের খেলোয়াড়কে পছন্দ করার মূল কারণ জানিয়ে কোচ বলেন, দল গোছানো এবং শেষ সীমানা থেকে সতীর্থদের দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন সেন্ট্রাল ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারই সবচেয়ে উপযুক্ত। তপুর অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, "সে দলের একজন প্রকৃত নেতা এবং দলের সবাই তাকে সম্মান করে।"
তবে আর্মব্যান্ড পরাটাই যে নেতৃত্ব দেওয়ার একমাত্র শর্ত নয়, তা মনে করিয়ে দিয়ে ডুলি জানান, জামালের পাশাপাশি হামজা চৌধুরী ও সাদ উদ্দিনের মতো খেলোয়াড়রাও মাঠের প্রকৃত নেতা।
জার্মান-আমেরিকান এই কোচ আরও বলেন, "উদাহরণস্বরূপ, হামজা চৌধুরী আর্মব্যান্ড না পরেও একজন অধিনায়ক এবং তার জন্য আর্মব্যান্ডের প্রয়োজনও নেই। আপনি আর্মব্যান্ড ছাড়াও মাঠের নেতৃত্ব দিতে পারেন এবং ৯০ মিনিট ধরে আপনার সামনের ও পাশের খেলোয়াড়দের গাইড করতে পারেন। এই অধিনায়কত্ব বিষয়টিকে মানুষ যতটা বড় করে দেখে, বাস্তবে এটি ততটা বড় কিছু নয়।"
সাম্প্রতিক আসিয়ান কাপ ও ঘরোয়া কিছু ম্যাচে ফিটনেস সমস্যার কারণে মাঠের বাইরে ছিলেন তপু বর্মণ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এই অভিজ্ঞ ডিফেন্ডারের পুরোপুরি ফিট হয়ে ফেরা এবং অধিনায়কের দায়িত্বে আসা দলের জন্য বড় এক ইতিবাচক দিক।
ডুলি নিশ্চিত করেছেন যে তপু এখন খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, "তপু অনুশীলনে ফিরেছে এবং শতভাগ প্রস্তুত। আমি খুবই খুশি যে সে আমাদের সাথে আছে। আগামীকালের ম্যাচে সে-ই আমাদের অধিনায়ক হিসেবে মাঠে নামবে।"
উল্লেখ্য, সাফে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।




