বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিগব্যাশে মুস্তাফিজ, কাটার মাস্টারকে ঘিরে বিশেষ আয়োজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

বিগব্যাশে মুস্তাফিজ, কাটার মাস্টারকে ঘিরে বিশেষ আয়োজন

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে এবার নতুন এক রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। এতদিন রিশাদ হোসেনের পারফরম্যান্স ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছিল, এবার তাতে যোগ হচ্ছে মুস্তাফিজুর রহমানের নাম। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে প্রথমবারের মতো বিগ ব্যাশ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। আর মুস্তাফিজকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের বাড়তি উন্মাদনাকে কাজে লাগিয়ে নিজেদের গ্যালারিও আরও জমজমাট করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেলবোর্ন রেনেগেডসের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট। তাঁর মতে, ক্রিকেটীয় সামর্থ্য বিবেচনা করেই এই পেসারকে দলে নেওয়া হয়েছে। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর আগমন দলের সমর্থকসংখ্যা বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।

রেনেগেডসের এক সংবাদ সম্মেলনে অ্যাবট বলেন, 'বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার ক্ষেত্রে তাদের প্রথম বিবেচনা থাকে ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ানো। মুস্তাফিজ দলের পরিকল্পনার সঙ্গে ভালোভাবেই মানিয়ে যান বলেই তাঁকে নেওয়া হয়েছে। তবে তাঁর সঙ্গে বাংলাদেশের বিপুলসংখ্যক সমর্থকও যুক্ত হবেন, যা ফ্র্যাঞ্চাইজির জন্য বাড়তি প্রাপ্তি।'

অ্যাবট আরও জানান, 'সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে নিয়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রায় ৯০ হাজার দর্শকের জায়গা রয়েছে। সেখানে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি রেনেগেডসের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। শুধু বাংলাদেশি দর্শকই নন, যাঁরা আগে মুস্তাফিজকে খুব বেশি দেখার সুযোগ পাননি, তাঁরাও এই পেসারের বোলিং উপভোগ করবেন।'

মুস্তাফিজকে নিয়ে আশাবাদী রেনেগেডসের কোচিং স্টাফও। দলটির প্রধান কোচ লুক রঙ্কি এবং বোলিং কোচ ক্লিন্ট ম্যাকাই দুজনই বাংলাদেশের এই পেসারকে পেয়ে সন্তুষ্ট। বিশেষ করে ইনিংসের শেষ দিকে তাঁর কার্যকর বোলিংকে দলের বড় শক্তি হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।

অ্যাবটের ভাষ্য অনুযায়ী, 'ডেথ ওভারে মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি নতুন বলেও সুইং করানোর দক্ষতা রয়েছে। দলের অন্য বোলারদের সঙ্গে তাঁর সমন্বয়ও ভালো হবে।' প্রধান কোচ লুক রঙ্কিও মুস্তাফিজকে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ম্যাচ জেতানো বোলার হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে বাংলাদেশি সমর্থকদের মাঠে টানতে বিশেষ উদ্যোগও নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। মুস্তাফিজের খেলা দেখতে এমসিজিতে আসা দর্শকদের জন্য ঘোষণা করা হয়েছে ‘FIZZBAY’ প্রমোকোড। এই প্রমোকোড ব্যাবহার করে ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। 

তাঁর আশা, এই উদ্যোগের মাধ্যমে মেলবোর্নে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মানুষ একসঙ্গে মাঠে এসে মুস্তাফিজকে সমর্থন করার সুযোগ পাবেন। বাংলাদেশ কিংবা রেনেগেডসের জার্সি পরে, টাইগার পতাকা নিয়ে গ্যালারিতে উপস্থিত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। মুস্তাফিজের মতো একজন তারকার খেলা দেখতে বাংলাদেশি দর্শকদের বড় উপস্থিতি এমসিজির পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে বিশ্বাস রেনেগেডস কর্তৃপক্ষের।

আগামী ১২ ডিসেম্বর পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশের নতুন আসরে যাত্রা শুরু করবে মেলবোর্ন রেনেগেডস। তবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না মুস্তাফিজ। ২২ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর