মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাপের মুখে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

চাপের মুখে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে যে বিশাল বিতর্ক শুরু হয়েছিল, সেই ঝড় এখন কিছুটা থামার ইঙ্গিত দিচ্ছে ফিফা। সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী কাউন্সিলের সদস্যরা এখন ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিগুলো নিজেরাই পর্যালোচনা করতে পারবেন। সোমবার ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম কাউন্সিল সদস্যদের কাছে চিঠি পাঠিয়ে এই সুযোগের কথা জানিয়েছেন। রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত মেনে আগ্রহী সদস্যরা সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে নথিগুলো দেখতে পারবেন। এটি এমন এক সময়ে এসেছে যখন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা গত ১৯ অক্টোবর ফিফাকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল। বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নথি প্রকাশ এবং প্রশ্নের জবাব দিতে বলা হয়েছিল। সেই সময়সীমার ঠিক শেষ দিনেই ফিফার এই উদ্যোগ সামনে এল।

গতর্কিত প্রস্তাবটি প্রথম আলোচনায় আসে জুলাইয়ের শেষ দিকে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রায় ২০ বিলিয়ন ডলারের বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা তুলে ধরেন। ইউয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশনসহ বিভিন্ন আঞ্চলিক সংস্থা ও জাতীয় ফেডারেশন তীব্র আপত্তি জানায়। মাত্র চার দিনের মধ্যেই প্রস্তাবটি বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন ইনফান্তিনো। এরপর থেকে তাঁর পদত্যাগের দাবি জোরালো হয় এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের কথাও উঠে আসে।

ইউয়েফা এর আগে ফিফাকে পাঠানো চিঠিতে এফএফই প্রকল্প, ফিফা পিস প্রাইজসহ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে শতাধিক প্রশ্ন তুলেছিল। ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, দুই সপ্তাহের মধ্যে এতগুলো প্রশ্নের জবাব দেওয়া সহজ নয়। সংস্থাটি এখন আজারবাইজানের বাকুতে নতুন যুব বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এবং আগামী ২৩ নভেম্বর নারী বিশ্বকাপের ২০৩১ ও ২০৩৫ আসরের আয়োজক নির্ধারণে বিশেষ কংগ্রেসের কাজ নিয়ে ব্যস্ত। যুক্তরাষ্ট্রে চলমান কিছু আইনি প্রক্রিয়ার কারণেও সীমাবদ্ধতা রয়েছে বলে রয়টার্সের সূত্র জানিয়েছে।

ফিফা জানিয়েছে, কাউন্সিল সদস্যদের প্রশ্নের জবাব যথাসময়ে দেওয়া হবে। তবে নথি পর্যালোচনার সুযোগ শুধু কাউন্সিল সদস্যদের জন্যই সীমাবদ্ধ। অন্যদিকে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের সম্ভাবনা আরও শক্তিশালী হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা সম্প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। এতে ইউরোপের বিরোধিতা কিছুটা একাকী হয়ে পড়েছে।

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির নির্বাচন। সেখানে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। এই পটভূমিতে নথি দেখানোর সিদ্ধান্ত ফিফার অভ্যন্তরীণ স্বচ্ছতা নিয়ে আলোচনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর