সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বলিউডের বাদশাহ থেকে যেভাবে ক্রিকেট সাম্রাজ্যের ‘কিং’ শাহরুখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

বলিউডের বাদশাহ থেকে যেভাবে ক্রিকেট সাম্রাজ্যের ‘কিং’ শাহরুখ

রুপালি পর্দায় তিনি রোমান্স আর অ্যাকশনের মুকুটহীন সম্রাট। কিন্তু সিনেমার ফ্রেমে বন্দি থাকা মানুষটি ক্রিকেট মাঠে নেমে গড়ে তুলেছেন এক বৈশ্বিক সাম্রাজ্য। কলকাতা থেকে ক্যারিবিয়ান, আরব আমিরাত থেকে মার্কিন মুল্লুক। বিশ্বের ক্রিকেট মানচিত্রে এখন সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর একটির নাম শাহরুখ খানের ‘নাইট রাইডার্স’ গ্রুপ। বলের মাঠেও যে তিনি সমান পারদর্শী, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিন এই গল্প তারই।

আইপিএলের জন্মলগ্নে ২০০৮ সাল থেকেই ক্রিকেটে পথচলা শুরু শাহরুখ খানের। অভিনেত্রী জুহি চাওলা ও জয় মেহতার সঙ্গে হাত মিলিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর ফ্র্যাঞ্চাইজি কিনে নেন তিনি। তবে শুরুর পথটা মসৃণ ছিল না। মাঠের ব্যর্থতা আর পারফরম্যান্সের খরা কেকেআরকে শুরুতেই সমালোচকদের মুখে ফেলেছিল। কিন্তু নিজের ওপর বিশ্বাস হারাননি অভিনেতা। হাল না ছাড়ার মানসিকতাই তাঁকে টেনে নিয়ে গেছে বহুদূর।

shahrukh-640-angry

অবশেষে ২০১২ সালে গৌতম গম্ভীরের জাদুকরি নেতৃত্বে প্রথমবার আইপিএলের ট্রফি জেতে কলকাতা। ২০১৪ সালে আসে দ্বিতীয় শিরোপা। এরপর দীর্ঘ এক দশকের অপেক্ষা পেরিয়ে শ্রেয়াস আইয়ারের হাত ধরে ২০২৪ সালে তৃতীয়বারের মতো আইপিএলের শ্রেষ্ঠত্ব অর্জন করে কেকেআর। সমালোচনার সব তীর ধুলোয় মিশিয়ে দলটি প্রমাণ করে দেয়, তারা এই টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলের সীমানা পেরিয়ে শাহরুখের ক্রিকেট প্রীতি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। ২০১৫ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিল কিনে নেয় নাইট রাইডার্স গ্রুপ, যা পরে নাম বদল করে হয় ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবিয় মুদ্রার এপিঠ-ওপিঠ করে ২০১৫, ২০১৭, ২০১৮, ২০২০ এবং ২০২৫ সালে একাধিকবার শিরোপা নিজেদের ঘরে তোলে দলটি।

515543054_122229453566037391_1484487569448270108_n

শুধু ভারত বা ক্যারিবিয়ান নয়, শাহরুখের ফ্র্যাঞ্চাইজি সাম্রাজ্যের পরিধি এখন আরও বিস্তৃত। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ লিগে যাত্রা শুরু করে আবুধাবি নাইট রাইডার্স। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) বিনিয়োগ করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দল গঠন করে তাঁর গ্রুপ। বর্তমান বিশ্বে এই ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্কের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার।

সিনেমার পর্দায় শাহরুখ খান কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করলেও, ক্রিকেট দুনিয়ায় তাঁর এই অভাবনীয় উত্থান তাঁকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। রূপালি পর্দার কিং অব রোমাঞ্চ এখন বাইশ গজের দুনিয়ায় সত্যিকারের ফ্র্যাঞ্চাইজি কিং।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর