আল খোলুদের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ১৫ মিনিটের ঝড়ে পারফেক্ট হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই চেনা ছন্দের পরেই তাকে বাদ দিয়ে উজবেকিস্তানের ক্লাব পাকতাকোরের বিপক্ষে দল ঘোষণা করেছে আল নাসের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচটিতে মাঠের বাইরে থাকছেন তিনি। রোনালদোর অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন তরুণ ফরোয়ার্ড আব্দুল রহমান সুফিয়ানি।
হাজার গোলের অভাবনীয় মাইলফলকের দ্বারপ্রান্তে থাকা ৪১ বছর বয়সী এই মহাতারকাকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ম্যাচে বেঞ্চেও না রাখায় ফুটবলপাড়ায় কানাঘুষা শুরু হয়; তবে কি ইনজুরিতে পড়েছেন রোনালদো? জানা গেছে, চোট বা শারীরিক কোনো সমস্যা নয়, মূলত টানা ম্যাচের ধকল থেকে মুক্ত রাখতেই তাকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে।
উজবেকিস্তানে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান কোচ পোস্তেকোগলু জানান, টানা ম্যাচ ও ঘন ঘন ভ্রমণের কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ‘ম্যাচের চাপ ও ভ্রমণের ধকল বিবেচনায় রোনালদো, কোমান ও সিমাকানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সৌদি সংবাদমাধ্যম ‘আরিয়াদিয়াহ’র এক খবরে বলা হয়েছে, ক্লাবটির প্রধান কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলু ফুটবলারদের ফিটনেস ও দীর্ঘমেয়াদী দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছেন। সামনে কঠিন ও ব্যস্ত সূচি থাকায় দলের প্রধান তারকাদের ফিট ও সতেজ রাখতে চান তিনি। শুধু রোনালদোই নন, দলের সাথে উজবেকিস্তান সফরে যাননি ফরাসি দুই তারকা ফুটবলার মোহামেদ সিমাকান ও কিংসলে কোমানও।
তবে আগামী ৬ নভেম্বর সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।




