সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আয়ারল্যান্ডকে উড়িয়ে নামিবিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

আয়ারল্যান্ডকে উড়িয়ে নামিবিয়ার ইতিহাস

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে নামিবিয়ার গতিময় পেস আক্রমণের সামনে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে আইরিশরা। দলটির দুই ওপেনার টিম টেক্টর ও অ্যান্ডি বালবার্নি দ্রুতই সাজঘরে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। কেড কারমাইকেল এবং হ্যারি টেক্টর প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও ১৯তম ওভারে সেই জুটি ভেঙে দেন জ্যাক ব্রাসেল।

এরপরই নামিবিয়ার বোলিং আক্রমণে ভীতি ছড়ান জেজে স্মিট। ২৩তম ওভারের প্রথম বলে আইরিশ অধিনায়ক লরকান টাকারকে ফেরানোর পর একই ওভারের পরের ডেলিভারিগুলোতে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেলকে শূন্য রানে শিকার করেন তিনি। এরপর গ্যাভিন হোয়েকে আউট করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন স্মিট। শেষ পর্যন্ত ব্রাসেলের দারুণ বোলিংয়ে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আইরিশরা। ২১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন জেজে স্মিট, আর ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন ব্রাসেল।

১৩০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকে নামিবিয়ার ওপেনাররা। উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে জমা হয় গুরুত্বপূর্ণ ৪০ রান। লোরেন স্টিনক্যাম্পের ৪৪ বলে খেলা ৪৬ রানের দুর্দান্ত ইনিংস এবং অধিনায়ক জেরার্ড এরাসমাসের ১৮ বলে ঝোড়ো ৩০ রানের সুবাদে জয়ের পথ সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত ২২তম ওভারের জেন গ্রিনের ছক্কায় ১৭২ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া।

উল্লেখ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক নামিবিয়ার এটি মাত্র দ্বিতীয় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল দলটি। আর এবার শেষ ওয়ানডে জিতে প্রথমবার কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল নামিবিয়া।

অন্যদিকে, আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে এটি আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে সিরিজ হার। এর আগে ২০২১ সালে নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ হারের তেতো স্বাদ পেয়েছিল আইরিশরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর