ইনজুরির কারণে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের প্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভানের খেলা নিয়ে অনিশ্চয়তা এবং শেষ পর্যন্ত তাঁর ছিটকে যাওয়ার খবরে কিছুটা হতাশ মিডফিল্ডার শমিত সোম। তবে কানাডা প্রবাসী এই ফুটবলার বিশ্বাস করেন, দলের বাকিরা সেই শূন্যতা সফলভাবেই পূরণ করতে পারবেন।
জাতীয় দলের জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠান 'দৌড়' এর একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান শমিত সোম। দেশের মাটিতে টুর্নামেন্ট হওয়া এবং প্রায় এক বছর পর ঘরের মাঠে খেলার রোমাঞ্চ প্রকাশ করে তিনি বলেন,
"হ্যাঁ, আমরা সবার জন্য জিততে চাই। এটি একটি বড় টুর্নামেন্ট এবং আমি তা বুঝি। বাংলাদেশের দর্শকদের সামনে খেলার অনুভূতি দারুণ রোমাঞ্চকর। প্রায় এক বছর হতে চলল আমরা এই স্টেডিয়ামে খেলি না, আর সেই সময়েই আমরা ভারতকে হারিয়েছিলাম। আশা করি, সাফ চ্যাম্পিয়নশিপেও আমরা একই রকম ফলাফল পেতে পারব। দল ভালো করতে চায়, আমরা বাংলাদেশের ভক্ত ও পুরো দেশের জন্য জিততে চাই। দেখা যাক কী হয়, তবে আমি আশাবাদী যে আমরা সফল হব।"
দুই দিন আগে ক্যাম্পে যোগ দিতে ঢাকায় পৌঁছানো নিউইয়র্ক কসমস দলের এই মিডফিল্ডার রোববারই জানতে পারেন যে রোনান ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। সতীর্থের অনুপস্থিতি নিয়ে শমিত বলেন, "আপনারা (সাংবাদিকরা) আমার আগেই বিষয়টি জেনেছেন, আমি ৫-১০ মিনিট আগে শুনেছি। এটি অত্যন্ত খারাপ খবর। রোনান একজন ভালো, তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়। তবে যাই হোক, আমাদের দলে আরও অনেক মানসম্মত খেলোয়াড় রয়েছে এবং আক্রমণে বিকল্পও আছে। আমাদের মানিয়ে নিতে হবে। রোনানকে আমরা মিস করব, তবে দলের অন্য খেলোয়াড়রাও অবদান রাখতে সক্ষম। আশা করি, তাদের পারফরম্যান্সে মাঠে রোনানের অভাব অনুভূত হবে না। আমি আত্মবিশ্বাসী যে দল মানিয়ে নেবে।"
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর ঢাকার পল্টনস্থ জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০০৩ সালের পর ঘরের মাঠে প্রথমবার এই শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে লাল-সবুজের দল।




