রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাজিল তারকার ৫ কোটি টাকার সম্পদ লুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

ব্রাজিল তারকার ৫ কোটি টাকার সম্পদ লুট

ফুটবলপ্রেমীদের চোখ তখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হাই-ভোল্টেজ দ্বৈরথে স্থির। মাঠে সতীর্থদের জয় উদযাপনে মগ্ন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। আর ঠিক সেই সুযোগটিকেই পরম নিখুঁত কৌশলে কাজে লাগাল চোরেরা। এল ক্লাসিকোর উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতার ফাঁকা বাসায় হানা দিয়ে প্রায় সাড়ে তিন লাখ ইউরো সমপরিমাণের বহুমূল্য সম্পদ ও গয়না লুটে নিয়েছে দুর্বৃত্তরা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র বরাত  আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, ম্যাচ চলাকালীন মিলিতাওয়ের বিলাসবহুল বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। এরপর তারা ডিফেন্ডারের ব্যক্তিগত শোবার ঘরটি তছনছ করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে চম্পট দেয়। ম্যাচ শেষ করে বাড়িতে ফিরে মিলিতাও দেখতে পান যে তার সংগ্রহে থাকা ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স এবং ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি অতি মূল্যবান রিচার্ড মিল ঘড়ি উধাও! 

ঘড়ির পাশাপাশি প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, ২৫ হাজার ইউরো মূল্যের কার্টিয়ার ব্র্যান্ডের আংটি ও ব্রেসলেটসহ বিভিন্ন এক্সক্লুসিভ গয়না চুরি হয়েছে। সবমিলিয়ে খুইয়ে ফেলা এসব সরঞ্জামের মোট আর্থিক মূল্য ৩ লাখ ৫০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা) ছাড়িয়ে যাবে।

সবচেয়ে অদ্ভুত ও রোমহর্ষক বিষয় হলো, ঘটনার সময় মিলিতাওয়ের পরিবারের সদস্যরা বাসাতেই উপস্থিত ছিলেন। তারা নিচতলায় বসে পরম উত্তেজনায় এল ক্লাসিকো ম্যাচ উপভোগ করছিলেন। কিন্তু বাড়ির ওপরের তলায় যে এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, তা তারা ঘুণাক্ষরেও টের পাননি।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে হাই-প্রোফাইল ফুটবলারদের বাসা টার্গেট করে এ ধরনের অপরাধমূলক ঘটনা নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। মিলিতাওয়ের ক্ষেত্রে ঘটে যাওয়া এই চুরি সেই শঙ্কাকেই ফের উসকে দিল। এর আগে ২০২২ সালে বার্সেলোনার তৎকালীন ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং নিজ বাড়িতে সশস্ত্র ডাকাতের শিকার হয়েছিলেন। 

এমনকি সেই হামলায় তার চোয়াল পর্যন্ত ভেঙে গিয়েছিল। চলতি মাসেই অনুরূপভাবে চুরির শিকার হয়েছেন রিয়াল বেটিসের স্ট্রাইকার ট্রয় প্যারট এবং পিএসজির সাবেক গোলরক্ষক সার্জিও রিকোও। মাঠের ভেতরের পারফরম্যান্সের পাশাপাশি তারকা ফুটবলারদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল এই ঘটনা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর