ক্লাব আর খেলোয়াড়ের সম্পর্ক যখন একবার চিড়ে যায়, তখন সেই ফাটল সহজে ভরা যায় না। মাঝে মাঝে ব্যতিক্রম হলেও, আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, এই সম্পর্ক আর আগের মতো ফিরবে না।
গতত গ্রীষ্মের দলবদল মৌসুমে ক্লাবের পদক্ষেপ নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করেছিলেন লিসান্দ্রো। তিনি বলেছিলেন, ভালো মানের খেলোয়াড় কেনা হয়নি এবং ম্যানেজমেন্টের কাজ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এই মন্তব্যের পর ওল্ড ট্রাফোর্ডে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু সেই ক্ষমাপ্রার্থনাও সম্পর্কের বরফ গলাতে পারেনি। বরং বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে আসন্ন দলবদলেই নতুন ক্লাবে চলে যেতে পারেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সামনের ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চলেছেন লিসান্দ্রো মার্তিনেজ। ২৮ বছর বয়সী এই আন্তর্জাতিক তারকাকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই দলে যোগ করাতে আগ্রহী অ্যাতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। ‘এস’-এর তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড বা লিসান্দ্রো কোনো পক্ষই চলতি মৌসুম শেষে আর একসঙ্গে থাকতে আগ্রহী নয়।
গ্রীষ্মেই মার্তিনেজের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন। ২০২২ সালে আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর তিনি ক্লাবের জার্সিতে মোট ১১৫টি ম্যাচ খেলেছেন। তবে ঘন ঘন চোটের কারণে মাঠে তাঁর উপস্থিতি অনেক সময় সীমিত থাকত।
সম্পর্কের এই অবনতির পর এখন সবাই অপেক্ষা করছে, আগামী গ্রীষ্মে লিসান্দ্রো কোথায় যান। স্প্যানিশ দুই বড় ক্লাবের আগ্রহ তাঁকে নতুন গন্তব্য বেছে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।




