বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

সেঞ্চুরির পর ইনিংস বড় করতে না পারার আক্ষেপ সাদমানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

সেঞ্চুরির পর ইনিংস বড় করতে না পারার আক্ষেপ সাদমানের

অবশেষে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। তবে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক হাঁকানোর পরেও নিজের ইনিংসটিকে আরও বড় করতে না পারার আক্ষেপ রয়েছে এই বাঁহাতি ওপেনারের।

বৃহস্পতিবার (দ্বিতীয় দিন) ৯৯ রান নিয়ে খেলা শুরু করা সাদমান তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার পর আউট হন ১০৫ রান করে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, “আমাদের টপ অর্ডার ব্যাটাররা যদি এ ধরনের ইনিংসগুলোকে ১৫০, ১৭০ বা ২০০ রানে রূপ দিতে পারে, তবে দল সহজেই ৪৫০ বা ৫০০ রানে পৌঁছাতে পারবে।” তিনি আরও বলেন, “আমরা ভুল করেছি। ভবিষ্যতে যখনই এমন সুযোগ পাব, ইনিংসগুলো আরও বড় করার চেষ্টা করব।”

এর আগে বেশ কয়েকটি ভালো শুরু পেলেও সেঞ্চুরি খরা কাটছিল না এই ওপেনারের। কেন বারবার নির্দিষ্ট স্কোরে গিয়ে আউট হচ্ছেন, তা নিয়ে কাজ করেছেন বলে জানান তিনি।

সাদমান জানান, “আমি ভাবছিলাম কেন নির্দিষ্ট একটা স্কোরে পৌঁছানোর পর বারবার আউট হয়ে যাচ্ছি। সম্প্রতি এ নিয়ে অনেক কাজ করেছি। ফিটনেসের ঘাটতি থাকতে পারে ভেবে সেটিতেও কাজ করেছি। এছাড়া মোহাম্মদ আশরাফুল ভাই এবং সালাহউদ্দিন স্যারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন।”

আগের দিন ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ায় অপেক্ষার বিষয়টি তাঁর মানসিকতায় কোনো প্রভাব ফেলেনি বলে জানান তিনি। তাঁর ভাষ্য, “মানুষ আমাকে নিয়ে ৯৯ রান নিয়ে কথা বলছিল, কিন্তু আমি বিষয়টি নিয়ে খুব বেশি ভাবিনি। আমার মনোযোগ ছিল পরের দিন মাঠে নেমে আরও কিছু রান করা এবং দলের জন্য ভালো কিছু করা।”

মিরপুরের কঠিন উইকেটে নিজের পরিকল্পনা নিয়ে সাদমান বলেন, “উইকেট কেমন আচরণ করছে তা নিয়ে আমি অতিরিক্ত ভাবিনি। আমার মূল পরিকল্পনা ছিল বলের গুণগত মান অনুযায়ী খেলা।”

উল্লেখ্য, সাদমান সেঞ্চুরি পেলেও প্রথম দিনের ৩ উইকেটে ২১৩ রান থেকে দারুণ অবস্থানে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত আর বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। মাত্র ৫৯ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর