স্পেনের টলেডোতে ঘটা এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানির ঘটনায় আগামী বৃহস্পতিবারের কোপা দেল রে-র ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার স্পেনের টলেডোর উরদা স্টেশনের কাছে দুটি হাই-স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। মাদ্রিদ ও সেভিয়ার রুটে চলাচলকারী এই ট্রেন দুটির একটি ছিল স্পেনের জাতীয় রেলওয়ে অপারেটর রেনফে-র এবং অন্যটি বেসরকারি প্রতিষ্ঠান ইরিয়ো-র। দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।
কাস্টিয়া লা মানচার আঞ্চলিক সভাপতি এমিলিয়ানো গার্সিয়া পেজ আশঙ্কা প্রকাশ করেছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার আসল কারণ উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এই জাতীয় ট্র্যাজেডির পর নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান প্রদর্শন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের পুরো ফুটবল সম্প্রদায় এই বিপদের দিনে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত জরুরি সেবা কর্মী ও কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়েছে ফেডারেশন। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
কোপা দেল রে হলো স্পেনের সবচেয়ে প্রাচীন জাতীয় ফুটবল প্রতিযোগিতা। গত মৌসুমে ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল সোসিয়েদাদ। এছাড়া এবারের আসরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদ- এই চার দল স্প্যানিশ সুপার কাপে অংশগ্রহণের কারণে সরাসরি শেষ ৩২-এর পর্বে মাঠে নামবে।
এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্পেনের রাজপরিবার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি উদ্ধারকাজে অংশ নেওয়া জরুরি কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছে তারা।




